ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি

ঢাবি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতার ঘটনায় বিভাগটির চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

সোমবার (২৩ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তামান্না রহমানের পরিবর্তে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম। তাকে পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নৃত্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশে প্রায় ১৩ মাস বিলম্ব হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন। পরে বিষয়টি সিন্ডিকেট সভায় আলোচনায় আসে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী গতরাতে বাংলা ট্রিবিউনকে বলেন, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটিতে থাকা অবস্থায় পরীক্ষার খাতা জমা দেওয়ার জন্য চেয়ারম্যানকে ৬বার তাগাদা দেওয়া হয়েছিল। খাতা জমা দেওয়ার পরও ফল প্রকাশ করতে আরও তিন থেকে চার মাস সময়ক্ষেপণ করা হয়।

তিনি জানান, শিক্ষার্থীদের অভিযোগের পর উপাচার্য দ্রুত ফল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। এ ছাড়া সিন্ডিকেট সভার আগে চেয়ারম্যানকে লিখিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ দেওয়া হলেও তার জবাবে সন্তুষ্ট হতে পারেনি কর্তৃপক্ষ।

অধ্যাপক আলফেছানী বলেন, দীর্ঘদিনের অবহেলা, উপাচার্যের নির্দেশনা অনুসরণ না করা এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় তাকে চেয়ারম্যান ও পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে, ফল প্রকাশে বিলম্বের কারণে শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাচের শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার এক বছর পার হলেও তারা ফল পাননি। ফলে পরবর্তী সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষাও অনিশ্চিত হয়ে পড়েছে।

ওই শিক্ষার্থী আরও বলেন, একই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উঠলেও তাদের ব্যাচ এখনও দ্বিতীয় বর্ষেই আটকে আছে।

ফল প্রকাশে বিলম্বের বিষয়টি স্বীকার করেছেন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমানও। তিনি জানিয়েছেন, ফল প্রকাশ এবং ক্লাস শুরুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তবে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তামান্না রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

/আইএএম/
সম্পর্কিত
শিক্ষা ক্যাডার ও এনটিআরসিএর পরীক্ষার মানের পার্থক্য কমাতে হবে: শিক্ষামন্ত্রী
ঢাবিতে ভর্তি আবেদনের সময় বাড়লো
চালুর দেড় বছরেই নানা সংকটে ঢাবির ‘ক্যাম্পাস শাটল’ সেবা
সর্বশেষ খবর
রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট বসিয়ে তল্লাশি 
রাজধানীতে নিরাপত্তা জোরদার, চেকপোস্ট বসিয়ে তল্লাশি 
সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক
সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোটসহ ১০১ জেলে আটক
মিনারেল ওয়াটারে বাড়তি কী এমন থাকে
মিনারেল ওয়াটারে বাড়তি কী এমন থাকে
নারী এগিয়েছে, সহিংসতা কি পিছু হটেছে?
নারী এগিয়েছে, সহিংসতা কি পিছু হটেছে?
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?