রোহিঙ্গা জেনোসাইডের বিচারিক স্বীকৃতি এবং আমাদের মানবিক দায়

ইতিহাসের দীর্ঘ অন্ধকার পেরিয়ে অবশেষে সত্যের স্বীকৃতি মিলেছে। সেই স্বীকৃতির আলো পৌঁছেছে নাফ নদীর তীরে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ নিপীড়িত মানুষের কাছে। দশকের পর দশক ধরে যাদের অস্তিত্ব, ইতিহাস, ভাষা ও নাগরিকত্ব মুছে ফেলার রাষ্ট্রীয় আয়োজন চলেছে, সেই রোহিঙ্গা জনগোষ্ঠীকে জানাই গভীর অভিবাদন। কক্সবাজারের পাহাড়ের ঢালে ত্রিপলের ছাউনির নিচে হারানো সন্তানের ছবি বুকে নিয়ে রাত কাটানো মা, নিজের ভিটেমাটিতে ফেরার অপেক্ষায় মৃত্যুবরণ করা বৃদ্ধ কিংবা শরণার্থী শিবিরে জন্ম নেওয়া সেই শিশু, যে এখনো জানে না 'স্বদেশ' শব্দটির অর্থ কী—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এই রায় তাঁদের সবার দীর্ঘদিনের বঞ্চনা ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার স্বীকৃতি।

পুড়ে যাওয়া জনপদ, স্বজন হারানোর বেদনা, বাস্তুচ্যুতি ও শরণার্থী শিবিরের অনিশ্চিত জীবন সত্ত্বেও রোহিঙ্গারা ন্যায়বিচারের আশা ছাড়েননি। নিজেদের পরিচয় ও মর্যাদার লড়াই চালিয়ে গেছেন। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় তাই কেবল একটি আইনি দলিল নয়; এটি রোহিঙ্গাদের দীর্ঘ সংগ্রাম ও ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

তবে এই বিচারিক স্বীকৃতির পেছনে রয়েছে কয়েকজন নির্ভীক মানুষের দীর্ঘদিনের প্রচেষ্টা। পৃথিবীর অধিকাংশ শক্তিধর রাষ্ট্র যখন কূটনৈতিক হিসাব-নিকাশে নীরব ছিল, তখন তাঁরাই রাখাইনে সংঘটিত ঘটনাকে সাধারণ সাম্প্রদায়িক সংঘাত বা বিতাড়নের ঘটনা হিসেবে না দেখে পরিকল্পিত জেনোসাইড হিসেবে চিহ্নিত করার দাবি তুলেছিলেন। নিজ দেশের সামরিক জান্তা ও উগ্র জাতীয়তাবাদী অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে বার্মিজ গবেষক ও মানবাধিকারকর্মী ড. মং জার্নি শুরু থেকেই বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন রোহিঙ্গাদের ওপর মিয়ানমার রাষ্ট্রযন্ত্রের পরিকল্পিত নিপীড়নের চিত্র। তাঁর মতো কয়েকজন মানুষের গবেষণা ও সোচ্চার অবস্থানের পাশাপাশি বাংলাদেশের সমাজ ও আইনাঙ্গনের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। ন্যায়বিচারের এই লড়াইয়ে বাংলাদেশের ২৭ জন বিশিষ্ট নাগরিক, আইনজ্ঞ, গবেষক ও মানবাধিকারকর্মী 'আদালত-বন্ধু' হিসেবে যুক্ত হয়ে আন্তর্জাতিক বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সামাজিক ও নৈতিক অবস্থান তুলে ধরেছিলেন। তাঁদের এই ভূমিকা নির্যাতিত মানুষের বক্তব্য আন্তর্জাতিক আদালতের বিচারিক প্রক্রিয়ায় পৌঁছে দিতে সহায়তা করেছে।

২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের পর জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশন, মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক গণমাধ্যম ঘটনাগুলোকে 'জাতিগত নিধন' কিংবা 'মানবতাবিরোধী অপরাধ' হিসেবে অভিহিত করে আসছিল। তবে আন্তর্জাতিক বিচার আদালতের চূড়ান্ত আইনি স্বীকৃতি না থাকায় মিয়ানমার বরাবরই এসব অভিযোগ অস্বীকার করার সুযোগ পেত। আদালতের এই রায়ের মধ্য দিয়ে রোহিঙ্গাদের ওপর সংঘটিত সহিংসতার বিচারিক স্বীকৃতি মিলেছে। প্রতিষ্ঠিত হয়েছে, ঘটনাগুলো বিচ্ছিন্ন বা আকস্মিক সামরিক বাড়াবাড়ি ছিল না; বরং এর পেছনে ছিল রাষ্ট্রীয়ভাবে পরিচালিত জেনোসাইডের অভিপ্রায়। এর ফলে ১৯৪৮ সালের জেনোসাইড সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক আইনি দায়বদ্ধতা আরও স্পষ্ট হয়েছে।

এই রায়ের অন্যতম তাৎপর্য হলো দীর্ঘদিনের 'জাতিগত নিধন' ও 'জেনোসাইড' সংক্রান্ত আইনি ও রাজনৈতিক বিতর্কের অবসান ঘটানো। ২০১৭ সালের পর থেকে মিয়ানমার ও তার আন্তর্জাতিক মিত্ররা, এমনকি কিছু পশ্চিমা কূটনীতিকও, ঘটনাগুলোকে জেনোসাইড না বলে 'জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ' হিসেবে বর্ণনা করেছেন। আন্তর্জাতিক আইনে জাতিগত নিধন কোনো স্বতন্ত্র ফৌজদারি অপরাধ নয়; এটি একটি বর্ণনামূলক পরিভাষা। এর অর্থ, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে কোনো নির্দিষ্ট ভূখণ্ড থেকে একটি জনগোষ্ঠীকে বিতাড়িত করা।

মিয়ানমারের কৌশল ছিল এই ধারণা প্রতিষ্ঠা করা যে, তারা রোহিঙ্গাদের ধ্বংস করতে চায়নি, কেবল রাখাইন থেকে বিতাড়িত করতে চেয়েছে। অর্থাৎ, ঘটনাগুলোকে বড়জোর জাতিগত নিধন বা জোরপূর্বক বাস্তুচ্যুতি হিসেবে দেখানো, জেনোসাইড হিসেবে নয়। কারণ, জেনোসাইড প্রমাণিত হলে জেনোসাইড সনদের অধীনে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর ওপর তা প্রতিরোধ ও শাস্তির আইনি বাধ্যবাধকতা তৈরি হয়। জাতিগত নিধনের ক্ষেত্রে এমন বাধ্যবাধকতা সরাসরি প্রযোজ্য নয়। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় সেই আইনি ও কূটনৈতিক বিতর্ককে নতুন মাত্রায় নিয়ে এসেছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কোনো জনগোষ্ঠীকে নিজ ভূমি থেকে বিতাড়নের প্রক্রিয়া যখন ব্যাপক হত্যা, যৌন সহিংসতা ও প্রজননক্ষমতা ধ্বংসের মতো অপরাধের মাধ্যমে পরিচালিত হয়, তখন তা জাতিগত নিধনের বর্ণনামূলক পরিভাষার সীমা ছাড়িয়ে জেনোসাইডের পর্যায়ে পৌঁছাতে পারে।

আন্তর্জাতিক আইনের ইতিহাসে এই রায়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো জেনোসাইডের অভিপ্রায় নির্ধারণের ক্ষেত্রে আদালতের অবস্থান। এর আগে আন্তর্জাতিক বিচার আদালতের কয়েকটি মামলায়, বিশেষত ২০০৭ সালের বসনিয়া বনাম সার্বিয়া এবং ২০১৫ সালের ক্রোয়েশিয়া বনাম সার্বিয়া মামলায়, জেনোসাইড প্রমাণের ক্ষেত্রে কঠোর মানদণ্ড অনুসরণ করা হয়েছিল। সে অনুযায়ী, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে জেনোসাইডের সরাসরি লিখিত আদেশ না থাকলে পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে অপরাধটি প্রতিষ্ঠার জন্য দেখাতে হতো যে, একটি জনগোষ্ঠীকে ধ্বংস করাই ছিল অভিযুক্ত রাষ্ট্রের একমাত্র উদ্দেশ্য।

এই অবস্থানের সুযোগ নিয়ে অভিযুক্ত রাষ্ট্রগুলো দাবি করে আসছিল, তাদের উদ্দেশ্য জনগোষ্ঠীকে ধ্বংস করা নয়; বরং বিদ্রোহ দমন কিংবা মানুষকে নির্দিষ্ট এলাকা থেকে বিতাড়িত করা। অথচ বাস্তবে কোনো সামরিক অভিযান একাধিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হতে পারে। ফলে একক উদ্দেশ্যের কঠোর শর্ত জেনোসাইডের বিচার প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

এই মামলার প্রেক্ষাপটে জেনোসাইডের অভিপ্রায় নির্ধারণের ক্ষেত্রে একাধিক উদ্দেশ্যের সহাবস্থানের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মিয়ানমার সেনাবাহিনীর উদ্দেশ্য বিদ্রোহী গোষ্ঠী আরসাকে দমন করা কিংবা রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিয়ে রাখাইনকে রোহিঙ্গাশূন্য করা হতে পারে। কিন্তু এসব উদ্দেশ্যের পাশাপাশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার অভিপ্রায়ও থাকতে পারে। বিদ্রোহ দমন বা বিতাড়নের যুক্তি দেখিয়ে কোনো রাষ্ট্র জেনোসাইডের দায় এড়াতে পারে না।

মিয়ানমার আদালতে দাবি করেছিল, তারা বিদ্রোহীদের হামলার জবাবে সীমিত পরিসরে আত্মরক্ষামূলক অভিযান চালিয়েছে। কিন্তু আদালত বিচ্ছিন্ন কোনো গ্রামের ঘটনা আলাদাভাবে বিবেচনা না করে পুরো অভিযানের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করেছে। উত্তর রাখাইনের বিস্তীর্ণ অঞ্চলে শত শত রোহিঙ্গা গ্রাম একই ছকে পুড়িয়ে দেওয়া, গণকবর তৈরি এবং লক্ষ লক্ষ মানুষকে দেশছাড়া করার বিষয়গুলো আদালতের বিবেচনায় এসেছে। এসব ঘটনা সাধারণ বিদ্রোহ দমন অভিযানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সামরিক অভিযানের ব্যাপকতা, ভয়াবহতা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় নিয়ে আদালত সিদ্ধান্তে পৌঁছেছে যে, রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি জাতিসত্তা হিসেবে ধ্বংস করার উদ্দেশ্যেই এই জেনোসাইড সংঘটিত হয়েছে।

১৯৪৮ সালের জেনোসাইড সনদের দ্বিতীয় অনুচ্ছেদে পাঁচ ধরনের অপরাধের উল্লেখ রয়েছে। কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে এসব অপরাধ সংঘটিত হলে তা জেনোসাইড হিসেবে গণ্য হয়। আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে এই অনুচ্ছেদের তিনটি উপধারা—'ক', 'খ' ও 'ঘ' লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করেছে।

প্রথমত, দ্বিতীয় অনুচ্ছেদের 'ক' উপধারা অনুযায়ী গোষ্ঠীর সদস্যদের হত্যার অভিযোগ। মিয়ানমারের সামরিক বাহিনী পরিকল্পিতভাবে হাজার হাজার নিরস্ত্র রোহিঙ্গা নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুকে গুলি করে, কুপিয়ে এবং ঘরের ভেতরে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

দ্বিতীয়ত, 'খ' উপধারা অনুযায়ী গোষ্ঠীর সদস্যদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি সাধনের অপরাধ। রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর সংঘবদ্ধ ধর্ষণ ও যৌন সহিংসতা, অঙ্গহানি, পরিবারের সদস্যদের চোখের সামনে হত্যা এবং বসতবাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা পুরো জনগোষ্ঠীকে গুরুতর শারীরিক ও মানসিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে।

তৃতীয়ত, 'ঘ' উপধারা অনুযায়ী কোনো গোষ্ঠীর মধ্যে জন্মদান প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ। আদালত মেনে নিয়েছে যে, রোহিঙ্গা নারীদের ওপর যৌন সহিংসতা, প্রজনন অঙ্গে আঘাত, পুরুষদের বেছে বেছে হত্যা বা আটক করে স্বামী-স্ত্রীকে বিচ্ছিন্ন করা এবং দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক আঘাতের ফলে রোহিঙ্গা সমাজে ভবিষ্যৎ প্রজন্মের জন্ম ও বংশবিস্তার বাধাগ্রস্ত হয়েছে। এটি গোষ্ঠীটির জৈবিক অস্তিত্ব ধ্বংসের সঙ্গে সম্পর্কিত।

জেনোসাইড সনদের অন্য দুটি উপধারায় এমন জীবনযাত্রার পরিস্থিতি চাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, যা কোনো গোষ্ঠীর দৈহিক বিনাশ ঘটাতে পারে এবং শিশুদের জোরপূর্বক অন্য গোষ্ঠীতে স্থানান্তরের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তবে আদালত সরাসরি হত্যা, শারীরিক ও মানসিক নির্যাতন এবং জন্মদান প্রতিরোধের প্রমাণের ভিত্তিতে এই রায় দিয়েছে।

এই মামলার বিচারিক প্রক্রিয়ার দিকে তাকালে দেখা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বর পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামিক সহযোগিতা সংস্থার সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। মিয়ানমার ও গাম্বিয়া উভয় দেশই ১৯৪৮ সালের জেনোসাইড সনদের স্বাক্ষরকারী হওয়ায় আন্তর্জাতিক আইনের আওতায় গাম্বিয়ার এই অভিযোগ আনার এখতিয়ার ছিল। মামলাটির বিচার্য বিষয় ছিল কোনো নির্দিষ্ট ব্যক্তির ব্যক্তিগত ফৌজদারি দায় নয়; বরং একটি রাষ্ট্র হিসেবে মিয়ানমারের সামগ্রিক দায়বদ্ধতা।

গাম্বিয়ার অভিযোগ ছিল, ২০১৬ সালের অক্টোবর এবং বিশেষ করে ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের সামরিক ও নিরাপত্তা বাহিনী রাখাইনে তথাকথিত শুদ্ধি অভিযান চালিয়েছে। এই অভিযান পরিচালিত হয়েছিল রোহিঙ্গাদের সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুপরিকল্পিত অভিপ্রায় নিয়ে। পাশাপাশি জেনোসাইড সনদের অধীনে জেনোসাইড প্রতিরোধ, নিজ দেশের অপরাধী কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা এবং গণকবর ও পুড়িয়ে দেওয়া জনপদের মতো আলামত সংরক্ষণের বাধ্যবাধকতা পালনে মিয়ানমার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করা হয়। রোহিঙ্গাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া, চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ এবং ঘৃণামূলক বক্তব্যের মাধ্যমে একটি জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার রাষ্ট্রীয় নীতির বিষয়টিও আদালতে তুলে ধরা হয়।

গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমারকে জেনোসাইড সনদ লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা, চলমান নিপীড়ন বন্ধ, অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়েছিল। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পূর্ণ নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করে নিরাপদে নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছিল।

এই রায়ের পর বাংলাদেশের অভ্যন্তরীণ ও কূটনৈতিক নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। সেটি হলো, রোহিঙ্গাদের দ্রুত কিংবা জোরপূর্বক প্রত্যাবাসনের প্রচেষ্টার ভবিষ্যৎ কী হবে?

দীর্ঘদিন ধরে কক্সবাজারের শরণার্থী শিবিরগুলোর অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। এ পরিস্থিতিতে দ্বিপাক্ষিক চুক্তি কিংবা চীনের মধ্যস্থতায় পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের চেষ্টা চালানো হয়েছে। কিন্তু আন্তর্জাতিক আইনের 'অ-প্রত্যাখ্যান নীতি' অনুযায়ী, কোনো শরণার্থীকে এমন দেশে জোরপূর্বক ফেরত পাঠানো যায় না, যেখানে তাঁর জীবন, স্বাধীনতা বা মৌলিক মানবাধিকার গুরুতর হুমকির মুখে রয়েছে।

যেসব মানুষ একবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তাঁদের আবার সেই পরিবেশে ঠেলে দেওয়া শুধু অমানবিক নয়, আন্তর্জাতিক আইনের সঙ্গেও সাংঘর্ষিক। মিয়ানমারের বিরুদ্ধে জেনোসাইডের বিচারিক স্বীকৃতি এবং রাখাইনে বিদ্যমান বৈষম্যমূলক আইন ও কাঠামোর বাস্তবতা বিবেচনায় নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রত্যাবাসনের প্রশ্নে সতর্ক থাকা জরুরি।

বাংলাদেশের পক্ষে কোনো রোহিঙ্গাকে জোরপূর্বক বা অনিচ্ছাকৃতভাবে ফেরত পাঠানোর উদ্যোগ আন্তর্জাতিক প্রথাগত আইন ও জেনোসাইড প্রতিরোধ সনদের চেতনার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও দাতা সংস্থাগুলোর সমালোচনা এবং কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে। তাই এই রায়ের পর বাংলাদেশের কূটনীতির লক্ষ্য হওয়া উচিত দ্রুত প্রত্যাবাসনের তাড়াহুড়োর পরিবর্তে নাগরিকত্বের নিশ্চয়তা, আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও নিরাপদ পরিবেশ সৃষ্টির শর্তে মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করা।

রোহিঙ্গা সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো রাখাইনের বর্তমান রাজনৈতিক ও সামরিক বাস্তবতা। আন্তর্জাতিক বিচার আদালতের রায় মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে হলেও রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ এখন মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এবং তাদের রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের হাতে। ফলে রায় ঘোষণার পর রাখাইনের বাস্তবিক শাসক হিসেবে আরাকান আর্মির ওপর এর বহুমুখী প্রভাব পড়ার বিষয়টি সামনে এসেছে।

আন্তর্জাতিক বৈধতা ও কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে আরাকান আর্মি রাখাইনে একটি স্বায়ত্তশাসিত বা স্বাধীন প্রশাসন প্রতিষ্ঠার পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে বৈদেশিক অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা করছে। কিন্তু আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর রোহিঙ্গা ইস্যু বৈশ্বিক কূটনীতিতে আরও গুরুত্ব পেয়েছে। ফলে পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ ও মুসলিম বিশ্বের কাছে রাখাইনের যেকোনো কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা গুরুত্বপূর্ণ শর্ত হয়ে উঠতে পারে।

আরাকান আর্মি যদি রাখাইনে অবস্থানরত রোহিঙ্গাদের সুরক্ষা দিতে এবং শরণার্থীদের প্রত্যাবাসনে ইতিবাচক ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে আন্তর্জাতিক বৈধতা ও উন্নয়ন সহায়তা পাওয়ার ক্ষেত্রে তারা বাধার মুখে পড়তে পারে। একই সঙ্গে বিশ্ববাসীর কাছে নিপীড়ক শক্তি হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিও রয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়ার বাস্তবায়নকারী পক্ষ হিসেবে আরাকান আর্মির ভূমিকার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আইন অনুযায়ী ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনের দায়িত্ব মিয়ানমার রাষ্ট্রের ওপর বর্তালেও মাঠপর্যায়ের বাস্তবতা ভিন্ন। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এবং উত্তর রাখাইনের মংডু, বুথিডং ও রাথেডংয়ের প্রায় পুরো এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। জান্তা সরকারের পক্ষে সেখানে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া কার্যত অসম্ভব।

এ পরিস্থিতিতে আদালতের রায় বাস্তবায়নের স্বার্থে বাংলাদেশ, জাতিসংঘ ও আঞ্চলিক শক্তিগুলো—বিশেষ করে চীন—নেপিদোর জান্তা সরকারের পরিবর্তে আরাকান আর্মির সঙ্গে সরাসরি কিংবা অনানুষ্ঠানিক আলোচনায় বসতে পারে। এতে আঞ্চলিক রাজনীতি ও কূটনীতিতে আরাকান আর্মির দরকষাকষির ক্ষমতা আরও বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

তবে আন্তর্জাতিক অপরাধের দায়ের প্রশ্নে আরাকান আর্মির জন্যও নতুন ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় ২০১৬-১৭ সালে মিয়ানমারের সামরিক জান্তার অভিযানের প্রেক্ষাপটে এলেও সাম্প্রতিক সময়ে বুথিডং ও মংডু দখলের লড়াইয়ে আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেওয়া, ড্রোন হামলা এবং হাজার হাজার রোহিঙ্গাকে নতুন করে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

জেনোসাইডের এই বিচারিক স্বীকৃতির পর রাখাইনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, জাতিসংঘের স্বাধীন তদন্তকারী দল এবং পশ্চিমা দেশগুলোর নজরদারি আরও বাড়তে পারে। ফলে আরাকান আর্মির নেতৃত্বের জন্যও একটি বার্তা স্পষ্ট—রাষ্ট্র না হলেও মানবাধিকার লঙ্ঘন বা জাতিগত নিধনের অভিযোগে তাদের সদস্যরা ভবিষ্যতে আন্তর্জাতিক অপরাধ আদালত কিংবা সর্বজনীন এখতিয়ারের আওতায় ব্যক্তিগত ফৌজদারি বিচারের মুখোমুখি হতে পারেন। রোহিঙ্গাদের প্রতি মাঠপর্যায়ের আচরণ সংযত রাখার ক্ষেত্রে এটি চাপ তৈরি করতে পারে।

অন্যদিকে, মিয়ানমারের কেন্দ্রীয় সামরিক জান্তার বিরুদ্ধে এই রায়কে রাজনৈতিক ও কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগও রয়েছে আরাকান আর্মির সামনে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা প্রচার করতে পারে যে, বার্মিজ সামরিক বাহিনী জেনোসাইডের দায়ে বিচারিকভাবে চিহ্নিত হয়েছে এবং রাখাইন শাসনের নৈতিক অধিকার হারিয়েছে। বিপরীতে, আরাকান আর্মি নিজেদের এমন একটি দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক শাসক হিসেবে উপস্থাপনের চেষ্টা করতে পারে, যারা রাখাইনের সব জাতিগোষ্ঠীর সহাবস্থান নিশ্চিত করতে চায়। তবে এর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের প্রশাসনিক কর্তৃত্বের স্বীকৃতি প্রয়োজন।

আরাকান আর্মির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি অভ্যন্তরীণ। রাখাইনের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গাদের নাগরিকত্ব, ভূমির মালিকানা ও প্রত্যাবাসন নিয়ে ঐতিহাসিকভাবে অনীহা ও অবিশ্বাস রয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক চাপের মুখে আরাকান আর্মি যদি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কিংবা তাঁদের সমান অধিকার দিতে রাজি হয়, তাহলে নিজস্ব জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়তা হারানো এবং রাজনৈতিক অসন্তোষ তৈরির ঝুঁকি রয়েছে। এ ছাড়া রোহিঙ্গাদের 'রোহিঙ্গা' পরিচয়ে স্বীকৃতি দেওয়া হবে, নাকি কেবল 'আরাকানের মুসলিম' হিসেবে পরিচয় দেওয়া হবে, তা নিয়েও আরাকান আর্মির আদর্শিক অবস্থানের সঙ্গে আন্তর্জাতিক আইনের সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

সীমান্ত বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থের দিক থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। যুদ্ধবিধ্বস্ত রাখাইনের অর্থনীতি সচল রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য চালু রাখা আরাকান আর্মির জন্য জরুরি। জেনোসাইডের এই রায়ের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান আরও দৃঢ় হয়েছে। ফলে বাংলাদেশ এখন জোরপূর্বক প্রত্যাবাসনের পথ পরিহার করে রাখাইনের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও মানবিক করিডর চালুর বিষয়টিকে আলোচনার অংশ করতে পারে। এর বিনিময়ে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার শর্ত আরোপের সুযোগ তৈরি হয়েছে। এসব শর্ত মেনে নেওয়া ছাড়া আরাকান আর্মির সামনে বিকল্প সীমিত।

আইনি স্বীকৃতি মিললেও রোহিঙ্গাদের মানবিক সংকটের বাস্তবতা বদলায়নি। কক্সবাজারের শরণার্থী শিবিরে এখনো অনিশ্চয়তা, ক্ষুধা, শিক্ষার সীমাবদ্ধতা ও ভবিষ্যৎহীনতা নিয়ে দিন কাটছে লক্ষ লক্ষ মানুষের। বিচারিক প্রক্রিয়ায় ন্যায়বিচারের স্বীকৃতি পাওয়া গেলেও তাঁদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার পথ এখনো অনিশ্চিত।

রোহিঙ্গাদের সংস্কৃতি, স্মৃতি ও পরিচয় মুছে যাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, কূটনীতি ও ক্ষমতার সমীকরণে ব্যস্ত বিশ্বরাজনীতিতে তাঁদের দুর্ভোগ অনেক সময় পরিসংখ্যানের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে। একদিকে সমুদ্রতীরের বিলাসবহুল কক্ষে বসে বিশ্বরাজনীতির কারিগররা সামরিক ও রাজনৈতিক স্বার্থের হিসাব কষছেন, অন্যদিকে শরণার্থী শিবিরের জীর্ণ কুটিরে ক্ষুধা, শিক্ষাহীনতা ও ভবিষ্যৎহীনতার মধ্যে একটি প্রজন্ম বেড়ে উঠছে। আন্তর্জাতিক সহায়তার তহবিল ক্রমেই সংকুচিত হচ্ছে। বিশ্বরাজনীতির মনোযোগও সরে যাচ্ছে নতুন নতুন যুদ্ধক্ষেত্রের দিকে।

এই বাস্তবতায় আদালতের রায়কে কার্যকর করার দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরও বর্তায়। শুধু বিচারিক স্বীকৃতি দিয়ে দায়িত্ব শেষ করা যাবে না। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন।

তাই জেনোসাইড সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর কাছে প্রশ্ন, তারা কি আন্তর্জাতিক বিচার আদালতের এই রায়কে কেবল একটি আইনি দলিল হিসেবে সংরক্ষণ করবে, নাকি জেনোসাইড প্রতিরোধ ও শাস্তির আইনি বাধ্যবাধকতা মেনে মিয়ানমারের ওপর কার্যকর চাপ সৃষ্টি করবে? আঞ্চলিক পরাশক্তিগুলো কি ভূরাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থের চেয়ে লক্ষ লক্ষ মানুষের বেঁচে থাকার অধিকারকে গুরুত্ব দেবে? মানবাধিকারের কথা বলা আন্তর্জাতিক সংস্থা ও ক্ষমতাধর রাষ্ট্রগুলো কি কেবল বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করবে, নাকি কাঁটাতারের ওপারে অপেক্ষায় থাকা মানুষগুলোর ঘরে ফেরার পথ তৈরিতে ভূমিকা রাখবে?

সবচেয়ে বড় প্রশ্ন, আন্তর্জাতিক সম্প্রদায় কি রোহিঙ্গা শরণার্থী শিবিরের বেড়া সরিয়ে তাঁদের নিজ ভূমিতে পূর্ণ নাগরিক মর্যাদায় ফিরিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করতে পারবে? নাকি আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় পাওয়ার পরও এই নিপীড়িত জনগোষ্ঠীকে প্রজন্মের পর প্রজন্ম রাষ্ট্রহীন উদ্বাস্তু হয়ে বেঁচে থাকতে হবে?

লেখক: গবেষক ও মানবাধিকারকর্মী