কিছু দেখা, কিছু ভাবনা এবং কিছু প্রশ্ন 

মোস্তফা মোরশেদ
১৬ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৪:০০

একটি জাতির পরিচয় কেবল তার ভূখণ্ড, জনসংখ্যা, ভাষা, ইতিহাস কিংবা অর্থনৈতিক সমৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকে না। একটি জাতিকে প্রকৃত অর্থে বুঝতে হলে এর মানুষের দৈনন্দিন জীবনযাপন, আচার-আচরণ, পারস্পরিক সম্পর্ক, সামাজিক মূল্যবোধ, চিন্তাভাবনা এবং অন্যের প্রতি দৃষ্টিভঙ্গি পর্যবেক্ষণ করতে হয়। কিছু ছোট ছোট আচরণ জাতীয় জীবনে প্রতিফলিত হয়— যেগুলো আমরা সচরাচর আলাদা করে গুরুত্ব দিয়ে দেখি না। এ লেখায় তেমনই দৈনন্দিন জীবনের ছোট ছোট অভিজ্ঞতা থেকে আমাদের জাতীয় চরিত্র, সংস্কৃতি, সামাজিক আচরণ, অর্থনৈতিক দক্ষতা এবং উন্নত সমাজের সঙ্গে আমাদের পার্থক্যগুলো তুলে ধরার একটি চিন্তামূলক প্রয়াস বিবৃত হয়েছে।

পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও সামাজিক আচরণ পর্যবেক্ষণ করলে দেখা যায়, অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক কাঠামোর মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। উন্নত অবকাঠামো, প্রযুক্তি, কার্যকর সরকারি প্রতিষ্ঠান ও শক্তিশালী বাজারব্যবস্থা একটি দেশের উন্নয়নের জন্য অপরিহার্য।

কিন্তু এসবের পাশাপাশি মানুষের আচরণ, পারস্পরিক বিশ্বাস, সময়ের মূল্যায়ন, দায়িত্ববোধ এবং সামাজিক শৃঙ্খলাও সমান গুরুত্ব বহন করে। একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির নেপথ্যে এমন কিছু সামাজিক বৈশিষ্ট্য কাজ করে, যেগুলো সরাসরি অর্থনৈতিক সূচকে দৃশ্যমান না হলেও উৎপাদনশীলতা ও জাতীয় কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখে।

শুধু সময়ানুবর্তীটাকে বিবেচনায় নিয়ে আলোকপাত করতে চাই। কোনও সভা নির্ধারিত সময়ে শুরু না হওয়া, অফিসে বিলম্বে উপস্থিত হওয়া, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করা কিংবা ব্যক্তিগত সাক্ষাতের সময়কে গুরুত্ব না দেওয়ার মতো বিষয়গুলো আমাদের কাছে অনেকটা স্বাভাবিক হয়ে উঠেছে। অনেকসময় আমরা মনে করি, কয়েক মিনিট দেরি হলে আর কী হবে! কিন্তু একটি প্রতিষ্ঠানের শতাধিক কর্মী যদি প্রতিদিন গড়ে দশ মিনিট করে সময় দেরি/নষ্ট করেন, তাহলে সম্মিলিতভাবে কত কর্মঘণ্টা অপচয় হচ্ছে— তা সহজেই অনুমান করা যায়। সময়ের অপচয় শুধু ব্যক্তিগত উৎপাদনশীলতা কমায় না; এটি অন্যের সময়ও নষ্ট করে।

সরকারি অফিসে একটি সেবা পেতে অপ্রয়োজনীয় অপেক্ষা করতে হলে নাগরিকের পাশাপাশি অর্থনীতিরও ক্ষতি হয়।

একটা কষ্টের অনুভূতি দিয়ে শুরু করি। আমাদের জাতীয় কোনও পোশাক নাই। জীবন হয়তো এজন্য থেমে নাই; কিন্তু জাতীয় পোশাক থাকলে রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে উপস্থাপনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটানের মহিলারা ‘গো’ এবং পুরুষরা ‘কিরা’ পড়ে দেশকে প্রতিনিধিত্ব করে থাকেন। বিভিন্ন রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক আয়োজনে তাদের পোশাক দেশের সাংস্কৃতিক পরিচয়ের একটি অংশ হিসেবে বিবেচিত হয়।

আমাদের ক্ষেত্রেও এমন একটি স্বতন্ত্র পোশাক থাকলে বিব্রত হওয়ার সম্ভাবনা কমে যেত। কোনও সরকারই এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেনি। এর নেপথ্যে বিভিন্ন অনুভূতি, রাজনৈতিক বিবেচনায় ভোটার হারানোর শঙ্কা, ইত্যাদি কাজ করে থাকতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশের প্রতীক রয়েছে— যা গ্রুপে ছবি তুলতে গেলে ব্যবহার করা হয়। যেমন, কোরিয়ান হার্ট, ইন্দোনেশিয়ান ফিঙ্গার, ইত্যাদি।

এসব ছোট ছোট সাংস্কৃতিক প্রকাশভঙ্গি আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি দেশের পরিচিতিকে তুলে ধরতে সাহায্য করে।

জাতীয় পরিচয়ের ক্ষেত্রে আমাদের আরও একটি বিষয় প্রণিধানযোগ্য। দীর্ঘসময় ধরে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে অনানুষ্ঠানিক স্বীকৃতি দিলেও সরকারি গেজেট হয়েছে গত ২০২৪ সালের ডিসেম্বরে। প্রজ্ঞাপনে তাকে ১৯৭২ সালের ৪ মে থেকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ, কোনও বিষয় দীর্ঘদিন ধরে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত থাকলেও সেটিকে আনুষ্ঠানিক রূপ দিতে আমাদের অনেক সময় লেগে যায়।

ভাষা ও সংস্কৃতির পার্থক্যের কারণে পৃথিবীর দেশগুলো আচার-আচরণের বৈসাদৃশ্য লক্ষণীয়। যেমন- ইংরেজি ভাষাভাষীরা ‘thank you’ বলার বিপরীতে ‘you are welcome’ বা ‘no worries/problem’ বলে থাকেন। বাংলা ভাষায় you are welcome এর সমার্থক কিছু নাই। বস্তুত, আমাদের সংস্কৃতিতে যথেষ্ট thank you বলারও অভ্যাস নাই। উদাহরণ দেই। ইউরোপসহ অনেক অঞ্চলে বাসে ভ্রমণ করে নেমে যাওয়ার সময় প্রায়(!) সবাই বাস ড্রাইভারকে thank you বলে থাকেন। আমাদের দেশে অনুপস্থিত। আমাদের বক্তব্য হচ্ছে ড্রাইভারকে ভ্রমণের জন্য পারিশ্রমিক হিসেবে টাকা দিয়েছি, আবার ধন্যবাদ কেন? এটাই সাংস্কৃতিক পার্থক্য। তবে এতে ভালো- খারাপ বিচার করার অবকাশ নাই। কারণ কৃতজ্ঞতা প্রকাশের ধরন সংস্কৃতিভেদে ভিন্ন হতেই পারে। আমাদের সমাজে কৃতজ্ঞতা প্রকাশ করা হলেও তা সরাসরি ভাষায় প্রকাশ পায় না। তবুও দৈনন্দিন জীবনে ধন্যবাদ, দুঃখিত, অনুগ্রহ করে কিংবা অনুমতি নেওয়ার মতো সাধারণ সৌজন্যবোধের চর্চা বাড়ানো প্রয়োজন।

কারণ এসব আচরণ মানুষের মধ্যে পারস্পরিক সম্মান ও ইতিবাচক সম্পর্ক তৈরি করে। হয়তো পৃথিবীর অনেক দেশের মতো সামান্য বা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য সরি ঠিকই বলি, তবে জেনেশুনে ক্ষতি করলে তার আর প্রয়োজন বোধ করি না। উন্নত দেশের সব আচরণই যে ভালো, কিংবা আমাদের সব আচরণই যে খারাপ, এমন সরল সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। বরং কোন আচরণ জাতীয় উৎপাদনশীলতা, সামাজিক আস্থা, ব্যক্তিস্বাধীনতা ও সামষ্টিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখে, সেটিই হওয়া উচিত আলোচনার মূল ভিত্তি। এ বিষয়ে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সংস্কৃতির যে বিষয়টি বেশি জরুরি তা হলো— জাতীয় জীবনে এটি কীভাবে ইতিবাচক প্রভাব বিস্তার করে। যেমন, পৃথিবীর অনেক দেশের মানুষই তাদের ব্যক্তি জীবনে কৃচ্ছ্রসাধন করে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে থাকেন। যদিও সম্পদের সঠিক ব্যবহারের জন্য সরকারের নীতি, বাজার অর্থনীতির মুনাফা অনেকাংশেই দায়ী— তবুও ব্যক্তি পর্যায়ের ভূমিকা সম্পদের সঠিক ব্যবহারের ওপর নির্ভরশীল। সময়ানুবর্তিতা, সঞ্চয়ের প্রবণতা, পারস্পরিক বিশ্বাস, উদ্ভাবন ও পরিবর্তন গ্রহণের মানসিকতা, স্বজনপ্রীতি পরিত্যাগ, কুসংস্কার বর্জন ইত্যাদি বিষয়ে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলতে পারলে লেনদেনের ব্যয় হ্রাস পাবে, শ্রমের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং সর্বোপরি জাতীয় আয় বাড়বে। যারা নেতিবাচক মানুষ তারা ‘সমালোচক (critical thinker)’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চান। কিন্তু তারা মূলত সমাজ ও অর্থনীতির ‘ঋণাত্মক উৎপাদন ইউনিট’।

ভাষা একধরনের আধিপত্যও তৈরি করে। পরিতাপের বিষয়, প্রায়শই লক্ষ্য করা যায়, দূর কোনও দেশে হিন্দি বা উর্দু ভাষাভাষীর কারও সাথে সাক্ষাৎ হলে বাংলা ভাষার মানুষটি নিজের ভাষা বাদ দিয়ে ঐসব ভাষায় আলাপচারিতা শুরু করেন।

এরকম অনেক বিষয় আমি প্রত্যক্ষ করেছি। তবে আমি সচেতনভাবে তা এড়িয়ে থাকি। এর পেছনে যোগাযোগের সুবিধা, আন্তর্জাতিক ভাষার ব্যবহার কিংবা অন্য ভাষা সম্পর্কে নিজের দক্ষতা প্রদর্শনের প্রবণতা কাজ করতে পারে। তবে নিজের ভাষাকে অপ্রয়োজনীয় মনে করা কিংবা অন্যের ভাষার প্রতি আনুগত্য প্রদর্শন করা সাংস্কৃতিক আত্মবিশ্বাসের পরিচায়ক নয়।

ভাষার পার্থক্যের কারণে সংস্কৃতির পার্থক্য তৈরি হয়ে যায়। একজন জিজ্ঞেস করেছে,কেমন যাচ্ছে? অন্য পক্ষ থেকে রসিকতা করে উত্তর দিলেন,‘কেটে যাচ্ছে, তবে রক্ত বের হচ্ছে না’। এটাকে অন্য কোনো সংস্কৃতির সাথে মিলানো যাবে না। এ বক্তব্যের মধ্যে যে আবেগ, রসবোধ ও জীবন সম্পর্কে একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে, তা অন্য ভাষায় সরাসরি অনুবাদ করা কঠিন। প্রবাদ- প্রবচন কিংবা বাগধারার ক্ষেত্রে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।

আমাদের সামাজিক কাঠামোতে কথা বেশি বলার অনেক অবকাশ রয়েছে। আপনি মালপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন। চালক জিজ্ঞেস করছেন, ‘কেন যাচ্ছেন, আর কে কে যাবে, একবারে চলে যাচ্ছেন কি-না’, ইত্যাদি, ইত্যাদি।

এগুলো দোষের কিছু নয়। তবে সামাজিক মূলধনের ইতিবাচক দিকগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারিনি। এছাড়া, কথা কম বা বেশি বলার মাধ্যমে কেউ নিজেকে অপেক্ষাকৃত ভালো দাবী করার সুযোগ নাই। এটা মানুষের সহজাত প্রবৃত্তি। তবে অনেকসময় আলাপচারিতার মাধ্যমে জটিল বিষয়ের সমাধান সম্ভব হয়। বিশেষকরে, রাজনীতির মাঠে। তবে আমাদের রাজনৈতিক আলাপ- আলোচনার সংস্কৃতি এখনও পরিপূর্ণ রূপ লাভ করেনি।

অনেকেই কথা বলার সময় ব্যাখ্যা করে উপস্থাপন করেন। উদাহরণ না দিলে স্পষ্ট হবে না। ধরুন, একজন বললেন, ‘আমাকে এক গ্লাস পানি দেন, কিংবা ফ্যানটা ছেড়ে দেন’। সাথে ব্যাখ্যা হিসেবে তিনি বলছেন, ‘আমার খুব তৃষ্ণা পেয়েছে, কিংবা গরম লাগছে’। এ অংশটুকু অনেকক্ষেত্রেই অপ্রয়োজনীয়! পৃথিবীর বিভিন্ন দেশের মানুষকে এসব বাক্যালাপ থেকে বিরত থাকতে দেখেছি। তবে এখানে খারাপ কিছু নাই; কিংবা দোষেরও কিছু নাই।

সবচেয়ে বড় যে বিষয়টিতে আমাদের আরও মনোযোগী হতে হবে, তা হলো— একটা সত্য সমাজ প্রতিষ্ঠা করা। সাদাকে সাদা এবং কালোকে কালো বলার একটা অবস্থান সমাজে সৃষ্টি করতে হবে। জাতি হিসেবে আমাদের দীনতার সবচেয়ে বড় দিক এটা যে, আমরা সমাজে একক কিংবা সম্মিলিতভাবে একটা বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করতে পারিনি। পৃথিবীর বিভিন্ন দেশের এয়ারপোর্টে কখনোই কারও লাগেজের ট্যাগ পরীক্ষা করা হয় না। কারণ কেউ কারও লাগেজ নিয়ে চলে যাবে এরকম চিন্তাও কেউ করে না। আমাদের ক্ষেত্রে কী, সেটা আর বলার অপেক্ষা রাখে না। মজার বিষয় হচ্ছে, আমি মিরপুরে অবস্থান করে যখন ফোনে গুলিস্তান বলছি, তখন আমার পাশে থাকা ছোট বাচ্চাটি সেটা শিখছে!

শক্তিশালী বাজার ব্যবস্থার কারণে উন্নত দেশে দরদাম করে কেনাকাটা করতে হয় না। একটা অর্থনীতি বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে এ জায়গায় উপনীত হয়। বিভিন্নরকমের বিক্রয়কেন্দ্র থাকলেও জিনিসপত্রের দামের তেমন পার্থক্য নাই, যা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ব্র্যান্ড, অবস্থান, সেবা, গুণগত মান এবং বাজারের কাঠামোর কারণে দামের পার্থক্য হয়েই থাকে। যদিও আদর্শিকভাবে, পূর্ণ প্রতিযোগিতার বাজার অস্তিত্বহীন। মূল বিষয় হলো, ক্রেতা যেন সহজে পণ্যের মূল্য সম্পর্কে জানতে পারেন এবং প্রতারণার শিকার না হন। আমাদের দেশে অনেকাংশেই দর কষাকষি করতে হয়। ফলে অভিজ্ঞ ক্রেতা হয়তো কিছুটা সুবিধা পান। কিন্তু যারা দরকষাকষি করতে পারেন না, বিশেষ করে পর্যটক, বয়স্ক ব্যক্তি কিংবা নতুন ক্রেতারা তুলনামূলকভাবে বেশি মূল্য পরিশোধ করে থাকেন। আমাদের কেনাকাটার যে প্রক্রিয়া সেখান থেকে বের হতে হলে— সামষ্টিক অর্থনীতির সকল সূচকের দৃশ্যমান পরিবর্তন প্রয়োজন হবে।

সামাজিক বিশ্বাস অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। অর্থনীতিতে একে Social Capital বা সামাজিক পুঁজি হিসেবে বিবেচনা করা হয়। মানুষের মধ্যে পারস্পরিক আস্থা থাকলে লেনদেন সহজ, ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়। নিজের জিনিসপত্রের নিরাপত্তা বা দরদাম নিয়ে আমরা যেভাবে অতিরিক্ত সতর্ক থাকি, সেভাবে অন্যের সম্পদের প্রতি দায়িত্বশীল আচরণের ঘাটতি দেখা যায়।

ভিন্ন প্রসঙ্গে আসি। অনেকক্ষেত্রে ভাল-খারাপ বিচার করার অবকাশ না থাকলেও আমরা ধারণা পোষণ করি; অর্থাৎ অনেক বেশি জাজমেন্টাল হই। ধরা যাক, আপনি কাউকে কল দিয়েছেন এবং উনি কল ধরেননি। আমরা ধারণা করতে শুরু করি— এ লোক এত বেলা করে কি ঘুমাচ্ছে? নাকি ইচ্ছাকৃতভাবে ফোন ধরছেন না। অথচ তিনি হয়তো অসুস্থ হয়ে হাসপাতালে! জাজমেন্টাল হওয়ার এরকম হাজারো উদাহরণ দেওয়া যাবে, যা কাম্য নয়।

উন্নত দেশের মানুষ আপনার কাছ থেকে কোনও ঘটনার বিস্তারিত শুনলেও জাজমেন্টাল হবে না। এটা ইতিবাচক সংস্কৃতির একটা বড় উদাহরণ। উন্নত দেশের সাথে আমাদের সবচেয়ে বড় পার্থক্যের জায়গা হতে পারে ব্যক্তি জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহল দেখানো। আমরা একইসাথে জাজমেন্টাল এবং অন্যের ব্যক্তি জীবন নিয়ে অতিরিক্ত কৌতূহলে আটকে থাকি। এটা সমাজে কোনোভাবেই ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে না। একটি ঘটনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য না জেনেই সিদ্ধান্তে পৌঁছানোর এ প্রবণতা আমাদের সামাজিক সম্পর্ককে অনেকক্ষেত্রে জটিল করে তোলে। কারও ব্যক্তিগত জীবন, আয়, পারিবারিক অবস্থা, বিবাহ, সন্তান, পেশা কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন করা অনেকসময়ই তাঁর জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে।

অথচ আমরা এসব বিষয়কে স্বাভাবিক সামাজিক কথোপকথনের অংশ হিসেবে বিবেচনা করি। এমনকি পাবলিক যানবাহনে আমাদের বসা কিংবা আচরণ অন্যের বিরক্তির কারণ হতে পারে। যেমন, পা ছড়িয়ে বসা, চিৎকার করে কথা বলা, গালাগালি করা, গন্ধযুক্ত খাবার খাওয়া, পেছনে ব্যাকপ্যাক রেখে অন্যের চলাচলে বাধা দেওয়া, ইত্যাদি অনেককিছু, কখনোই কাঙ্ক্ষিত নয়। পৃথিবীর অনেক দেশ বা স্টেটে এ সকল কাজ আইন করে নিষিদ্ধ করা হয়েছে। আমাদের দেশে রাত দ্বিপ্রহর বা তার পরবর্তী সময়ে উচ্চস্বরে আওয়াজ করে অনেক অনুষ্ঠান হয়ে থাকে; যা উন্নত দেশগুলোতে অনুপস্থিত। এছাড়া, উন্নত দেশের মতো এখনো মেট্রোরেলের চলন্ত সিঁড়িতে একপাশে দাঁড়ানোর অভ্যাস গড়ে ওঠেনি, যাতে যাদের সময় স্বল্প তারা অন্য পাশ ধরে এগিয়ে যেতে পারেন। তবে ঝগড়া-ঝাটি বা কথা কাটাকাটির অংশ বাদ দিলে সারিবদ্ধভাবে দাঁড়ানোর বিষয়টি অনেকাংশে ঠিক হয়েছে। নাগরিক শিষ্টাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক পরিবেশের মাধ্যমে ছোটবেলা থেকে এসব আচরণের চর্চা তৈরি করতে হয়। আমরা ইতোমধ্যে পিছিয়ে পড়েছি।

রাস্তা, পার্ক, ফুটপাত, গণপরিবহন, নদী, খাল কিংবা সরকারি স্থাপনা রাষ্ট্রীয় বা সম্মিলিত সম্পদ। কিন্তু আমরা এগুলোকে নিজেদের সম্পদ হিসেবে বিবেচনা করি না। রাস্তায় ময়লা ফেলা, যেখানে-সেখানে থুতু ফেলা, নদী বা খালে বর্জ্য ফেলা, দেয়ালে পোস্টার লাগানো কিংবা সরকারি স্থাপনার ক্ষতিসাধন ইত্যাদি আচরণ পরিবেশের পাশাপাশি জাতীয় সম্পদেরও অপচয় ঘটায়। একটি বিষয় মনে রাখা প্রয়োজন, জনসম্পদ ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়— এটি অর্থনৈতিক দক্ষতারও অংশ। একটি পার্ক বা রাস্তা ক্ষতিগ্রস্ত হলে তা পুনর্নির্মাণ/মেরামতের জন্য অর্থ ব্যয় করতে হয়। এসব অর্থ অন্য কোনো উন্নয়নমূলক কাজেও ব্যবহার করা যেত।

উন্নত দেশগুলোর সাথে আমাদের একটি বড় পার্থক্য লক্ষণীয়। উন্নত দেশগুলোর জীবন অনেকাংশেই সপ্তাহের ছুটির দুই দিনকে ঘিরে আবর্তিত হয়। শনিবার ও রবিবারকে কেন্দ্র করেই তাদের জীবনের অনেক সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, যেখানে আমাদের চিন্তায় উত্তরাধিকারের ভবিষ্যৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা নিজেদের জীবনযাত্রার সিদ্ধান্ত গ্রহণের সময়ও পরবর্তী প্রজন্মের কথা সবিবেচনা করি। এটি আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পারিবারিক বন্ধন, পারস্পরিক দায়িত্ববোধ এবং প্রজন্মের মধ্যে সহযোগিতা সামাজিক নিরাপত্তার একটি অনানুষ্ঠানিক কাঠামো হিসেবে কাজ করে।

আমাদের আতিথিয়তার জায়গাটাও বেশ প্রশংসার দাবি রাখে। অনেকদেশেই যেখানে অফিসে কিংবা বাসায় বেড়াতে গেলে আপ্যায়নের জন্য কিছুই দেওয়া হয় না সেখানে এদেশের নিম্ন-আয়ের মানুষও আপ্যায়ন করে থাকেন। অনেক দেশেই বিভিন্ন অনুষ্ঠানে গেলে নিজে টাকা পরিশোধ করে খেতে হয়; যা আমাদের দেশে অসম্ভব।

কেউ দাওয়াত করলে সবচেয়ে ভালোটাই পরিবেশন করেন। এটি আমাদের সংস্কৃতির শক্তিশালী দিক। অতিথির প্রতি আন্তরিকতা, উদারতা ও সম্মান প্রদর্শন আমাদের সামাজিক সম্পর্ককে দৃঢ় করে। সামাজিক অনুষ্ঠানে মানুষ একত্রিত হয়, পারস্পরিক সম্পর্ক তৈরি হয় এবং সামাজিক সংহতি বৃদ্ধি পায়। প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে আমাদের সামাজিক আচরণের একটি ‘ডিজিটাল নাগরিক আচরণ’ এর নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এখন তথ্য বিনিময়, মতামত প্রকাশ এবং যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু এর ব্যবহার অনেক সময় দায়িত্বশীলতার সীমা অতিক্রম করে।

যাচাই না করে তথ্য প্রচার, গুজব ছড়ানো, অন্যের ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া প্রকাশ, অনলাইনে অপমানজনক মন্তব্য এবং ভিন্নমতের প্রতি অসহিষ্ণুতা, কিংবা নিজেকে জাহির করার প্রবণতা আমাদের ডিজিটাল পরিবেশকে নেতিবাচক করে তুলছে। এছাড়া, লোক-দেখানো সামাজিক যোগাযোগমাধ্যমের জীবন সত্যকে ছাপিয়ে নতুন এক মাত্রা তৈরি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, চলচ্চিত্র, সংগীত ও পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতীক দ্রুত ছড়িয়ে পড়ছে। আমাদেরও এমন অনেক সাংস্কৃতিক উপাদান রয়েছে, যেগুলো আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়ার যোগ্য। বাংলা ভাষা, একুশে ফেব্রুয়ারি, পহেলা বৈশাখ, নকশিকাঁথা, জামদানি, বাউল সংগীত, লোকসংগীত, আঞ্চলিক খাবার এবং বিভিন্ন উৎসবসহ অনেককিছু আমাদের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের সংস্কৃতির অনেক ইতিবাচক দিক রয়েছে।

আতিথেয়তা, পারিবারিক বন্ধন, সামাজিক সংহতি, ভাষার প্রতি ভালোবাসা এবং মানুষের বিপদে এগিয়ে আসার প্রবণতা আমাদের গুরুত্বপূর্ণ সম্পদ। এসব বৈশিষ্ট্য সংরক্ষণ করতে হবে। একইসাথে সময়ের মূল্যায়ন, সামাজিক বিশ্বাস, ব্যক্তিস্বাধীনতার প্রতি শ্রদ্ধা, নাগরিক শিষ্টাচার, সম্পদের দক্ষ ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির মতো বিষয়গুলোতে আরও মনোযোগী হতে হবে।

জাতীয় জীবনের পরিবর্তন সবসময় বড় কোনো রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে শুরু হয় না। অনেক সময় ছোট ছোট সামাজিক আচরণের পরিবর্তন থেকেই বৃহত্তর রূপান্তরের সূচনা হয়। এসব বিষয় এককভাবে হয়তো জাতীয় উন্নয়নের বড় কোনো সূচক নয়— কিন্তু সম্মিলিতভাবে এগুলো একটি সমাজের চরিত্র নির্মাণ করে। উন্নত দেশগুলোর কাছ থেকে শিক্ষা নেওয়ার অর্থ তাদের সবকিছু অনুকরণ করা নয়। বরং তাদের অভিজ্ঞতা থেকে কোন বিষয়গুলো আমাদের সমাজ ও অর্থনীতির জন্য উপযোগী, তা বিবেচনা করা। একইভাবে আমাদের নিজস্ব সংস্কৃতির কোন বিষয়গুলো জাতীয় উন্নয়নে সহায়ক এবং কোনগুলো পরিবর্তন করা প্রয়োজন, সেটিও নিরপেক্ষভাবে পর্যালোচনা করা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা যেন নিজেদের আচরণ ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে প্রশ্ন করতে শিখি। অন্যের ভুল চিহ্নিত করার আগে নিজেদের সীমাবদ্ধতা উপলব্ধি করা এবং পরিবর্তনের দায়িত্ব নিজের কাছ থেকে শুরু করাই হতে পারে একটি ইতিবাচক সূচনা।

আমরা পরিবর্তনের কথা বলি, কিন্তু পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ছোট ছোট পদক্ষেপগুলো অনেক সময় গ্রহণ করি না। কারণ একটি অগ্রসর রাষ্ট্র শুধু উন্নত অবকাঠামো দিয়ে গড়ে ওঠে না, উন্নত নাগরিক আচরণ, শক্তিশালী প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল সামাজিক মূল্যবোধের সমন্বয়ে ধীরে ধীরে নির্মিত হয়। জাতীয় জীবনের এ আপাতবিক্ষিপ্ত বিষয়গুলোকে তাই বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই। এগুলোই সামগ্রিকভাবে আমাদের জাতীয় চরিত্রের প্রতিচ্ছবি। তবে সম্মিলিত সামাজিক অঙ্গীকার ছাড়াও হাতিরঝিলের চক্রাকার রাস্তার মতো জীবন চলে যাচ্ছে; যেখানে যানবাহন দাঁড়ানোর কোনো সুবিধা বা জায়গা রাখা হয় নাই।

লেখক: উন্নয়ন অর্থনীতি বিষয়ের গবেষক

/এপিএইচ/
সম্পর্কিত
আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই
নির্বাচন-উত্তর বাংলাদেশ: আইন প্রয়োগকারী সংস্থা বনাম নাগরিক অধিকার 
বুদ্ধিজীবীদের বর্ধিত সিলেবাস: মধুবনের ডালপালা ও বুদ্ধির ফুলফুল
সর্বশেষ খবর
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
প্রেমের টানে চীন থেকে রাজবাড়ী, করলেন মুসলিম রীতিতে বিয়ে
বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতের ওপর জোর স্বরাষ্ট্রমন্ত্রীর
ফুকেটে বাণিজ্যিক ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১১ জনের মৃত্যু
ফুকেটে বাণিজ্যিক ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১১ জনের মৃত্যু
কণ্ঠশিল্পী মমতাজসহ ৩ জনকে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হলো
কণ্ঠশিল্পী মমতাজসহ ৩ জনকে ভার্চুয়ালি গ্রেফতার দেখানো হলো
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল