ভালো শেয়ারের পোর্টফোলিওতে ঝুঁকি কম: রকিবুর রহমান

প্রশিক্ষণ কর্মশালায় রকিবুর রহমানভালো মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির শেয়ার দিয়ে পোর্টফোলিও গঠন করলে ঝুঁকির মাত্রা কম থাকে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান। তিনি বলেন, ভাল কোম্পানির শেয়ার কিনলে মুনাফাও ভাল পাওয়া যায়।

গত মঙ্গলবার (৩ মে) ডিএসই’র ট্রেনিং একাডেমিতে  ‘পোর্টফোলিও ম্যানেজমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ অ্যানালাইসিস’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএসই’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রকিবুর রহমান বলেন, যারা পোর্টফোলিও ব্যবস্থাপনার কাজ করেন তাদের খুব দক্ষ ও সৎ হতে হবে। কারণ সব ধরণের বিনিয়োগকারীরা তাদের ওপর নির্ভর করেন।

তিনি আরও বলেন, দক্ষ পোর্টফোলিও পরিচালনার জন্য কোম্পানিসমূহের ব্যবস্থাপনার দায়িত্বে কারা রয়েছে এবং কোম্পানির শেয়অর প্রতি সম্পদ মূল্য (ন্যাভ), শেয়ার প্রতি আয় (ইপিএস) ও লভ্যাংশের বিষয় বিবেচনা করতে হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, ডিএসইর ট্রেনিং একাডেমির ইনচার্জ মিসেস হোসনে আরা পারভীন প্রমুখ।

/এসএনএইচ/