বুধবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়াংয়ের দ্বিপাক্ষিত বৈঠকে এ আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল জলিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবালসহ শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে পাট শিল্পখাতে জামা, জ্যাকেট, মোজা, শাড়ি, টাই, জুতাসহ বহুমুখী পণ্য উৎপাদনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন চীনা রাষ্ট্রদূত। ফলে চীনের উদ্যোক্তারা পাটশিল্পখাতে বিনিয়োগ করতে চায়। এর পাশাপাশি কয়লাভিত্তিক বিদ্যুৎ ও কৃষি যন্ত্রপাতি বিনিয়োগ করবে চীন।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে যৌথ কারখানা স্থানান্তরের পাশাপাশি বাংলাদেশ থেকে এসব কারখানায় উৎপাদিত পণ্য আমদানি করবে চীন। এক্ষেত্রে বাংলাদেশ শুল্কমুক্ত রফতানির সুযোগ পাবে।
এ সময় বাংলাদেশের শিল্পখাতে চীনা বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, চীনা উদ্যোক্তারা চাইলে অর্থনৈতিক অঞ্চলে ভারি শিল্পখাতের পাশাপাশি হালকা প্রকৌশল শিল্পখাতে বিনিয়োগ করতে পারে। এক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী জমি বরাদ্দ দিতেও প্রস্তুত রয়েছে সরকার।
তিনি আরও বলেন, চীনা উদ্যোক্তারা অর্থনৈতিক অঞ্চলে ভারী শিল্পখাতে বিনিয়োগের পাশাপাশি হালকা প্রকৌশল শিল্প খাতেও বিনিয়োগ করতে পারে। তিনি বাংলাদেশে গাড়ি উৎপাদন শিল্পে বিনিয়োগের জন্য চীনা রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। এ লক্ষ্যে বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে চীনের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান যৌথভাবে উদ্যোগ নিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আগামী ১২ থেকে ১৭ জুন চীনের কুংমিংয়ে অনুষ্ঠিত হবে ৪র্থ চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী এবং ২৪তম চীনা কুংমিং আমদানি-রফতানি মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও শিল্প উন্নয়ন সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের জন্য শিল্পমন্ত্রীকে আমন্ত্রণ জানান চীনের রাষ্ট্রদূত।
/এসএনএইচ/
আরও পড়ুন: