বাংলাদেশের শ্রমিকদের কি সত্যিই জোরপূর্বক কাজ করানো হয়? দেশের লাখো পোশাক শ্রমিক কি আধুনিক দাসত্বের শিকার? নাকি এটি বৈশ্বিক বাণিজ্য রাজনীতির নতুন একটি অস্ত্র?
সম্প্রতি যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্যের ওপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের যে প্রস্তাব দিয়েছে, তার অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে ‘ফোর্সড লেবার’ বা জোরপূর্বক শ্রমের অভিযোগ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় (ইউএসটিআর) বলছে, বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশ শ্রমিকদের জোরপূর্বক শ্রমে বাধ্য করা বন্ধে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সেই কারণেই এসব দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের কথা বিবেচনা করা হচ্ছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে— এই অভিযোগের ভিত্তি কতটা শক্ত? সত্যিই কি বাংলাদেশের শ্রমিকদের জোর করে কাজ করানো হয়?
‘ফোর্সড লেবার’ বলতে আসলে কী বোঝায়?
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) অনুযায়ী, কোনও ব্যক্তি যদি ভয়ভীতি, ঋণের চাপ, শাস্তির আশঙ্কা, পরিচয়পত্র আটকে রাখা, চাকরি হারানোর ভয় বা অন্য কোনও জবরদস্তিমূলক পরিস্থিতির কারণে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য হন, তাহলে সেটিকে জোরপূর্বক শ্রম বা ফোর্সড লেবার বলা হয়।
অর্থাৎ শুধু দীর্ঘ সময় কাজ করানো বা কম মজুরি দেওয়া ফোর্সড লেবারের সংজ্ঞায় পড়ে না। বরং শ্রমিকের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার খর্ব করা হলে সেটি জোরপূর্বক শ্রম হিসেবে বিবেচিত হয়।
বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ কতটা সত্য?
বাংলাদেশের তৈরি পোশাক খাতে বর্তমানে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। বিশ্বের শীর্ষ পোশাক রফতানিকারক দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের শ্রমবাজার দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক নজরদারির মধ্যে রয়েছে।
তবে এখন পর্যন্ত কোনও আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পোশাকশিল্পকে পদ্ধতিগতভাবে ‘ফোর্সড লেবার’ নির্ভর শিল্প হিসেবে চিহ্নিত করেনি।
শ্রম বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শ্রমবাজারে নানা সমস্যা রয়েছে, কম মজুরি, অতিরিক্ত কর্মঘণ্টা, শ্রমিক সংগঠনের সীমাবদ্ধতা, কর্মক্ষেত্রে হয়রানি এবং অনানুষ্ঠানিক খাতে দুর্বল সুরক্ষা ব্যবস্থা। কিন্তু এসব সমস্যাকে সরাসরি ‘জোরপূর্বক শ্রম’ বলা যাবে না।
বাংলাদেশের নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমও যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তার মতে, বাংলাদেশের শ্রমিকদের জোর করে কাজ করানো হয়– এমন অভিযোগের বাস্তব ভিত্তি নেই। বরং শ্রমিকদের অধিকার সুরক্ষায় গত এক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
রানা প্লাজার পর কতটা বদলেছে বাংলাদেশ?
২০১৩ সালে রানা প্লাজা ধসের পর বাংলাদেশের পোশাক খাত বৈশ্বিক সমালোচনার মুখে পড়ে। এরপর কারখানা নিরাপত্তা, অগ্নিনিরাপত্তা, ভবন কাঠামো, শ্রমিক সুরক্ষা এবং কর্মপরিবেশ উন্নয়নে ব্যাপক সংস্কার কার্যক্রম চালানো হয়।
বর্তমানে বিশ্বের সর্বাধিক পরিবেশবান্ধব গ্রিন গার্মেন্ট কারখানার বড় অংশই বাংলাদেশে অবস্থিত।
শ্রম আইন সংশোধন, শ্রমিক নিবন্ধন সহজীকরণ, কারখানা পরিদর্শন জোরদার এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সরাসরি নজরদারির কারণে আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে এর অর্থ এই নয় যে, সব সমস্যা সমাধান হয়ে গেছে।
কোথায় রয়েছে দুর্বলতা?
শ্রম অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, বাংলাদেশের আনুষ্ঠানিক রফতকানিমুখী কারখানাগুলোর তুলনায় অনানুষ্ঠানিক খাত, সাব-কন্ট্রাক্ট কারখানা, কৃষি খাত, নির্মাণ খাত এবং গৃহকর্মীদের ক্ষেত্রে এখনও নানা ধরনের ঝুঁকি রয়েছে।
অনেক ক্ষেত্রে শ্রমিকরা চাকরি হারানোর ভয়ে অভিযোগ করতে পারেন না। কোথাও কোথাও অতিরিক্ত ওভারটাইমের চাপ থাকে। আবার শ্রমিক সংগঠন গঠনের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতার অভিযোগ রয়েছে।
সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, যুক্তরাষ্ট্রের অভিযোগকে পুরোপুরি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ শ্রমমান, সংগঠনের স্বাধীনতা এবং কর্মপরিবেশ নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে হলে এসব বিষয় আরও উন্নত করা প্রয়োজন।
তাহলে যুক্তরাষ্ট্র কেন এই অভিযোগ তুলছে?
এখানেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন।
বাণিজ্য বিশ্লেষকদের অনেকেই মনে করেন, এটি শুধু শ্রম অধিকারের বিষয় নয়; বরং বৈশ্বিক বাণিজ্য রাজনীতির অংশ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে বিভিন্ন দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন। কিন্তু মার্কিন আদালত সেই শুল্ক কাঠামোর একটি বড় অংশকে অবৈধ ঘোষণা করে।
এরপর নতুন আইনি ভিত্তি তৈরির জন্য যুক্তরাষ্ট্র ‘ফোর্সড লেবার’, ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ এবং সরবরাহ শৃঙ্খল সংক্রান্ত ইস্যুগুলোকে সামনে আনছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, আগের শুল্ক কাঠামো আদালতে টেকেনি বলেই নতুন যুক্তি খোঁজা হচ্ছে। ফলে শ্রম অধিকার প্রশ্নটি অনেক ক্ষেত্রে বাণিজ্যিক ও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেও ব্যবহৃত হতে পারে।
বাংলাদেশের জন্য ঝুঁকি কোথায়?
বাংলাদেশের মোট রফতানির প্রায় এক-পঞ্চমাংশ যায় যুক্তরাষ্ট্রে। বিশেষ করে তৈরি পোশাক খাতের জন্য যুক্তরাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একক বাজার।
ফলে ‘ফোর্সড লেবারের’ অভিযোগ সত্য হোক বা না হোক, এই অভিযোগের ভিত্তিতে যদি অতিরিক্ত শুল্ক কার্যকর হয়, তাহলে তার অর্থনৈতিক প্রভাব বাস্তব হবে।
এর ফলে বাংলাদেশি পণ্যের দাম মার্কিন বাজারে বেড়ে যেতে পারে। নতুন রফতানি আদেশ কমে যেতে পারে। প্রতিযোগী দেশগুলো বাজার দখলের সুযোগ পেতে পারে। পোশাক খাতে কর্মসংস্থান ও বিনিয়োগ চাপে পড়তে পারে।
বাস্তবতা কী বলছে?
বাস্তবতা হলো, বাংলাদেশের শ্রমবাজারে এখনও নানা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশকে ‘জোরপূর্বক শ্রম নির্ভর অর্থনীতি’ বলা কঠিন।
একদিকে শ্রম অধিকার নিয়ে আত্মতুষ্টির সুযোগ নেই, অন্যদিকে বাংলাদেশের পুরো রপ্তানি খাতকে ‘ফোর্সড লেবার’ নির্ভর বলে চিত্রিত করাও বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ হলো অভিযোগ অস্বীকার করার পাশাপাশি তথ্য-উপাত্ত দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা, শ্রমমান উন্নয়নের কাজ অব্যাহত রাখা এবং আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা আরও শক্তিশালী করা।
তবে কেন চাপে বাংলাদেশ
বাংলাদেশের শ্রমিকদের কি সত্যিই জোরপূর্বক কাজ করানো হয়?
এর সহজ উত্তর– ব্যাপক ও প্রাতিষ্ঠানিকভাবে এমন প্রমাণ নেই। তবে শ্রম অধিকার, সংগঠনের স্বাধীনতা, কর্মপরিবেশ এবং শ্রমিক কল্যাণের ক্ষেত্রে এখনও উন্নতির সুযোগ রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপও শুধু মানবাধিকার প্রশ্নে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বৈশ্বিক বাণিজ্য, ভূরাজনীতি এবং নিজস্ব শিল্প সুরক্ষার কৌশল। ফলে ‘ফোর্সড লেবার’ বিতর্ক এখন শুধু শ্রমিক অধিকার নয়, বরং বাংলাদেশের রফতানি ভবিষ্যৎ, বাণিজ্য কূটনীতি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতারও একটি বড় পরীক্ষায় পরিণত হয়েছে।









