রবিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের হাতে গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম ১৭ কোটি ৪৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
চেক প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশই প্রথম রাষ্ট্র যেখানে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে এ ধরনের একটি তহবিল গঠন করা হয়েছে। তিনি বলেন, এ তহবিলের অর্থে শ্রমিকদের পেশাগত অসুখের চিকিৎসায়ও ব্যবহার করা হবে। দেশি-বিদেশি মালিকানাধীন কোম্পানির সহযোগিতা ও মিডিয়ার প্রচারে সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে এ তহবিলে জমার পরিমাণ অল্প সময়ের মধ্যেই হাজার কোটি ছাড়িয়ে যাবে।
দেশীয় ও মাল্টি ন্যাশনাল মোট ৬৬ টি কোম্পানির লভ্যাংশের একটি অংশ এ তহবিলে জমা দিয়েছে। এখন পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ১৪৬ কোটি টাকার বেশি। দুঘর্টনাজনিত কারণে মৃত্যু, স্থায়ীভাবে অক্ষম, দুঘর্টনার আহত শ্রমিকের জরুরি চিকিৎসা, মহিলা শ্রমিকদের মাতৃত্বকালীন এবং শ্রমিকদের সন্তানদের উচ্চ শিক্ষালাভের জন্য শিক্ষা বৃত্তির অর্থ এ অর্থ তহবিল থেকে ব্যয় করা হচ্ছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমিকদের যৌথবীমার প্রিমিয়ামের অর্থও এ খাতে দেওয়া হচ্ছে। এ তহবিল থেকে এখন পর্যন্ত মোট দুই কোটি টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শনের মহাপরিদর্শক সৈয়দ আহামদ, যুগ্মসচিব ম.আ. কাশেম মাসুদ, যুগ্মসচিব আমিনুল ইসলাম, গ্রামীণফোনের প্রধান করপোরেট অফিসার মাহমুদ হোসেন এবং জেনারেল ম্যানেজার ইমতিয়াজ উদ্দিন নাফিজ ইকবাল উপস্থিত ছিলেন।
আরও পড়তে পারেন: প্রতি মাসে মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধের তথ্য জানাবে সরকার
/এসআই/এমএনএইচ/