ভরিতে সোনার দাম কমেছে ১৫১৬ টাকা

স্বর্ণালঙ্কারটানা পাঁচ দফা দাম বাড়ার পর প্রতি ভরিতে সোনার দাম কমছে এক হাজার ৫১৬ টাকা। গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার থেকে এ নতুন দর কার্যকর হয়েছে।

বিশ্ববাজারে দাম কমায় স্থানীয় বাজারে সোনার দাম কমানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে পাঁচ দফার প্রতিবারই ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ১ হাজার ২২৫ টাকা করে বাড়ানো হয়েছিল। সর্বশেষ ৬ মে সোনার দাম বাড়ানো হয়।

নতুন মূল্য অনুযায়ী প্রতি ভরি ভালো মানের সোনার দাম পড়বে ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হয়েছে ৩৭ হাজার ৬১৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরি হবে ২৬ হাজার ১২৭ টাকা।

আগে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৪১৫ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৩১৫ টাকা এবং ১৮ ক্যারেটের ৩৮ হাজার ৬৬৭ টাকায় বিক্রি হতো।

ব্যবসায়ীরা জানান, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। সনাতন পদ্ধতির সোনা পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনও মানদণ্ড নেই।

এছাড়া রূপার দাম ভরিতে ৫৮ টাকা কমে ১ হাজার ১০৮ টাকায় বিক্রি হচ্ছে। আগে যা ছিল ১ হাজার ১৬৬ টাকা।

/এসএনএইচ/