এ ছাড়া ঢাকার বাইরে যে সব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানে সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলোতে স্থানীয় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে একই ব্যবস্থা গ্রহণ করতে ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয় বা প্রধান শাখাগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলা ট্রিবিউনকে বলেন, কোরবানির হাটে জালনোট প্রতিরোধ করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের দিয়ে নোট যাচাই সংক্রান্ত সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনা অনুযায়ী, ৫ সেপ্টেম্বরের মধ্যে হাটের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাম, পদবি ও মোবাইল ফোন নম্বরসহ প্রত্যেক ব্যাংকের নিয়ন্ত্রণকারী একজন উপযুক্ত কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল ফোন নম্বর জমা দিতে হবে।
এই নির্দেশনাটি প্রত্যেক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হাটে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কার্যাদি মনিটর (পরিবীক্ষণ) করবেন।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন গবাদিপশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ স্থাপন করে জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দিয়ে হাট শুরুর দিন থেকে ঈদের পূর্বরাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বুথে নোট যাচাইকালে কোনও জালনোট ধরা পড়লে কেন্দ্রীয় ব্যাংকে পরিপত্র নং- জালনোট: ১(পলিসি)/২০০৭-১৯১ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, ঢাকার বাইরে যে সব জেলায় বাংলাদেশ ব্যাংকের অফিস রয়েছে, সেখানেও সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভার অনুমোদিত পশুর হাটগুলোতে স্থানীয় বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে অনুরূপ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয় বা প্রধান শাখাগুলোকে নির্দেশনা প্রদান করতে হবে।
এছাড়া অন্যান্য জেলাগুলোর পৌরসভা ও থানার অনুমোদিত পশুর হাটে বিভিন্ন ব্যাংকের এ সংক্রান্ত দায়িত্ব বণ্টনের জন্য সোনালী ব্যাংক লিমিটেডের চেস্ট শাখাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। সোনালী ব্যাংক কর্তৃক বণ্টিত দায়িত্ব অনুযায়ী ব্যাংকের জেলা ও উপজেলা পর্যায়ের শাখাগুলো যাতে পশুর হাটগুলোতে নোট যাচাই সেবা প্রদান করে, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দান করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার সঙ্গে ২২টি হাটের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘মিরপুর গাবতলী’ গবাদি পশুর হাটে জালনোট প্রতিরোধ করতে সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, ওয়ান ব্যাংক ও উত্তরা ব্যাংকের কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গায় অবস্থিত পশুর হাটে জালনোট প্রতিরোধ করতে দ্য সিটি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। উত্তরা ১৫-১৬ নং সেক্টরে অবস্থিত পশুর হাটে জালনোট প্রতিরোধ করতে আইসিবি ইসলামী ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা দায়িত্ব পালন করবেন।
‘মিরপুর সেকশন-৬, ওয়ার্ড-৬ (সাবেক ওয়ার্ড-৯২) ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গায় অবস্থিত পশুর হাটে জালনোট প্রতিরোধ করতে ব্যাংক এশিয়া ও প্রাইম ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
ভাষাণটেক বেনারসী পল্লীমাঠ ও মাঠ সংলগ্ন খালি জায়গায় অবস্থিত পশুর হাটে জালনোট প্রতিরোধ করতে বেসিক ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। বাড্ডা (ইন্দুলিয়া-দাউকান্দি-বাঘাপুর) পশুর হাটে জালনোট প্রতিতিরোধ করতে ট্রাস্ট ব্যাংক এশিয়া ও আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আশিয়ান সিটি হাউজিং পশুর হাটে জালনোট প্রতিরোধ করতে স্ট্যান্ডার্ড ব্যাংক ও মেঘনা ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
ভাটারা (সাইদনগর) পশুর হাটে অগ্রণী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। একইভাবে দক্ষিণ করপোরেশনের ঝিগাতলা হাজারীবাগ মাঠে জালনোট প্রতিরোধ করতে এক্সিম ব্যাংক ও এইচএসবিসির কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। রহমতগঞ্জ খেলার মাঠ, লালবাগের পশুর হাটে বাংলাদেশ কমার্স ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংক, মেরাদিয়া বাজার, খিলগাঁওয়ে ঢাকা ইস্টার্ন ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠে মিডল্যান্ড ব্যাংক ও এনসিসি ব্যাংক, লালবাগ মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ, বেড়িবাঁধ এবং তৎসংলগ্ন খালি জায়গা ও আশেপাশের এলাকার হাটে যমুনা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠে এবি ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ধূপখোলার ইস্ট-এন্ড ক্লাব মাঠে ডাচ-বাংলা ব্যাংক ও এসআইবিএলের কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, গোপীবাগ, কমলাপুর হাটে জালনোট প্রতিরোধ করতে কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও এনআরবি গ্লোবাল ব্যাংক ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন খালি জায়গার হাটে রূপালী ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গার হাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন যাত্রাবাড়ী কাঁচাবাজারের ভেতরে ন্যাশনাল ব্যাংক ও ঢাকা ব্যাংক, কমলাপুর স্টেডিয়ামের আশেপাশের খালি জায়গা, রাস্তার পূর্ব পাশের হাটে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, যাত্রাবাড়ী হাটে বাংলাদেশ কৃষি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং শ্যামপুর বালুর মাঠ, কদমতলী হাটে জালনোট প্রতিরোধ করতে জনতা ব্যাংক ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন: সম্পদ বিবরণী জমা দিতে ফালু দম্পতিকে নোটিশ
/জেএম/এবি/আপ-এআর/