বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি ও রফতানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে আসন্ন ঈদ-উল-আযহা’র আগে ১১ ও ১২ সেপ্টেম্বর কাস্টমস এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখতে হবে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশায় ১১ সেপ্টেম্বর সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছিল।
তবে অন্যান্য শাখা আগামী ১১ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার পুর্ণ দিবস ব্যাংক খোলা থাকবে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এর আগে সোমবার এক নির্দেশনায় তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে সরকারি ছুটির সত্ত্বেও আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।
আসন্ন ঈদ-উল-আজহার পূর্বে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবলমাত্র তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামী ১০ ও ১১ সেপ্টেম্বর পূর্ণদিবস (লেনদেন সময়সূচি: সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) খোলা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দরস্থ বাণিজ্যিক ব্যাংকের বৈদেশিক বাণিজ্যি(এডি) শাখাগুলো প্রতি শুক্রবার ও শনিবার এবং দেশের অন্যান্য স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শনিবার স্থীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লিখিত ছুটির দিনে অফিসের কাজে যোগদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের যুক্তিসঙ্গত ভাতা দেওয়ার জন্য বলা হয়।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর এক প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৯, ১০ এবং ১১ সেপ্টেম্বর (শুক্র, শনি এবং রোববার) ঢাকা, চট্টগ্রাম, মংলা, পানগাঁও ও বেনাপোল কাস্টমস হাউজ এবং আইসিডি কমলাপুর ও কাস্টমস বন্ড কমিশনারেট (ঢাকা ও চট্টগ্রাম) খোলা থাকবে। রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের আমদানি-রফতানি বাণিজ্য সচল রাখার লক্ষ্যে এই তিন দিন এসব কাস্টমস হাউজ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই উদ্দেশ্যে এসব কাস্টম হাউজ/স্টেশনে সংশ্লিষ্ট বন্দর, ব্যাংক ও অন্যান্য অত্যাবশ্যক স্টেকহোল্ডিং প্রতিষ্ঠানও খোলা রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানায় এনবিআর।
৯ ও ১০ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আর ১১ সেপ্টেম্বর রবিবার সরকার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে।
/জিএম/ এমএনএইচ/