সরকার ও প্রশাসন আন্তরিক থাকলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন তার প্রমাণ। তাই আগামী নির্বাচন অবশ্যই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে, একইসঙ্গে স্বাধীনতাবিরোধী চক্র ও তাদের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে দেশের জনগণ এসব ষড়যন্ত্রকারীদের জবাব দেবে বলেও মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ ২ এপ্রিল বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সেগুনবাগিচাস্থ বিএমএ মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালেও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। ফলাফল যাই হোক, আওয়ামী লীগ তাই মেনে নেবে। সংবিধানে যা আছে এর বাইরে যাওয়ার কোনও সুযোগ আমাদের নেই।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালান মহিউদ্দিনের সভাপতিত্বে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ সাবেক সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বক্তব্য রাখেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন হবে ৭১ এর ঘাতকদের চূড়ান্তভাবে পরাজিত করার নির্বাচন। এই নির্বাচনে ঘাতকের দোসরদের পরাজিত করতেই হবে। পাকিস্তানের দোসরদের আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বাংলাদেশ থেকে এই জঙ্গিবাদের দোসরদের মূল উৎপাটন করতে হবে। তিনি বলেন, সব পেশাজীবীকে ঐক্যবদ্ধ থেকে চক্রান্তকারীদের চক্রান্ত মোকাবিলা করতে হবে।
এ সময়ে মোহাম্মদ নাসিম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে রোগীদের সঠিক ভাবে সেবা দিতে বিএমএ নেতাদের প্রতি আহবান জানান।
/জেএ/টিএন/