‘রাশিয়ার রফতানি বাজার ধরতে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে’

 

তোফায়েল আহমেদ (ফাইল ছবি: সংগৃহীত)রাশিয়ার কাছে বাংলাদেশ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা ( জিএসপি) চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এ সুবিধা পাওয়া গেলে রাশিয়ার বাজারে বাংলাদেশের রফতানি বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হবে।  রাশিয়ায় বাংলাদেশের রফতানিকারকরা নতুন বাজার অনুসন্ধান করলে তা লাভজনক হবে। এ জন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে।’ রাশিয়ায় সফরত বাণিজ্যমন্ত্রী সোমবার রাতে (৪) মস্কোয় ক্রাউন প্লাজার ভিউশন প্লাজা রেস্টুরেন্টে ব্যবসায়ী ও বিশিষ্টজনদের সঙ্গে মত-বিনিময়কালে এ সব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোসহ ব্যাংকিং চ্যানেল চালুর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাক রফতানির ওপর জিএসপি সুবিধা দেওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছি। রাশিয়া বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার কথা বলেছে। রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, চিংড়ি, চামড়া ও পাটজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাংলাদেশ তুলনামূলক কম দামে রাশিয়ায় রফতানি করতে সক্ষম।’

তোফায়েল আহমেদ বলেন, ‘রাশিয়ার সঙ্গে বাণিজ্যক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।  

এ সময় আরও উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইফুল হক, কমার্শিয়াল কাউন্সিলর মো. আশফাকুল ইসলাম বাবুল প্রমুখ।

এসআই /এমএনএইচ/