এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘২০১২ সাল থেকে এ বিষয়টি ঝুলে আছে। গত বছর তা বাড়ানোর চেষ্টা করেছিলাম, হয়নি। কিন্তু এবার কোনোভাবেই ভ্যাটের হার কমানো হবে না।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘আবগারি শুল্ক প্রত্যাহারের বিষয়টি সংসদে আলোচনা হবে। সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আগে ২০ হাজার টাকা রাখলেই যেখানে শুল্ক দিতে হতো, সেখানে নতুন প্রস্তাবে এক লাখের নিচে ব্যাংকে টাকা রাখলে কোনও শুল্ক দিতে হবে না।’
সিলেটের মদন মোহন কলেজ সরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তির ‘ডিড অব গিফট এবং ঘোষণাপত্র দলিল নিবন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, ডিড অব গিফট অনুষ্ঠানের মাধ্যমে কলেজের স্থাপনা, আসবাব, ভূমিসহ সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি সরকারের সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হলো। এরমধ্য দিয়ে প্রতিষ্ঠানটির স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিকানা সরকারের দখলে গেলো।
অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাশ বক্তব্য দেন।
উল্লেখ্য, গত ১ জুন জাতীয সংসদে জাতীয় বাজেট উপস্থাপনের পর থেকেই ব্যাংক আমানতের ওপর আবগারী শুল্ক ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করার প্রস্তাব করার পর থেকেই দেশব্যাপী আলোচনায় আসে বিষয়টি। ওই প্রস্তাবে বলা হয়েছে, বছরের যেকোনও সময় ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি স্থিতি থাকলে আবগারি শুল্ক বিদ্যমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হবে।
পাশাপাশি ১০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত এক হাজার ৫০০ টাকার বদলে দুই হাজার ৫০০ টাকা, এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত সাত হাজার ৫০০ টাকার বদলে ১২ হাজার টাকা এবং পাঁচ কোটি টাকার বেশি লেনদেনে ১৫ হাজার টাকার বদলে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
/এসআই/এসএমএ/