বাংলাদেশে লেবার স্ট্যান্ডার্ড ও লেবার রাইট সংক্রান্ত বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। ১২ জুন জেনেভায় অনুষ্ঠিত আইএলও-এর ১০৬ তম সম্মেলনে এ বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করা হয়। ফলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জিএসপি সুবিধা পাওয়ার বাধা থাকলো না আর।
বৃহস্পতিবার (১৫ জুন) রাতে পাঠানো আইন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ড. রেজাউল করিমের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএলও-এর ওই সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে ৩৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি,ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএলও-এর ১০৫ তম সম্মেলনে বাংলাদেশে লেবার স্ট্যান্ডার্ড ও লেবার রাইট সংক্রান্ত ওই বিশেষ অনুচ্ছেদ যুক্ত করেছিল। ওই অনুচ্ছেদে যেসব করণীয় ছিল তার অনেকগুলোতে বাংলাদেশ উন্নতি করায় এবারের সম্মেলনে বাংলাদেশের নামে এ ধরনের অনুচ্ছেদ যুক্ত করা হয়নি।
আইন মন্ত্রণালয় সূত্র জানায়, আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল গত ১২ জুন আইএলও মহাপরিচালকের সঙ্গে বৈঠক, ১৩ জুন আইএলসি কর্ম অধিবেশন এবং বিভিন্ন পার্শ্ব আলোচনার ফলে এ বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করলো আইএলও।
আজ শুক্রবার আইএলও-এর সম্মেলন শেষ হচ্ছে। আগামীকাল শনিবার সকালে আইনমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
/এসআই/এসটি/