চালের দাম বাড়ায় জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়েছে: পরিকল্পনামন্ত্রী

 

আ হ ম মুস্তফা কামাল (ছবি: সংগৃহীত)আগাম বন্যায় চালের দাম বাড়ায় অর্থবছরের প্রথম মাসে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। গত জুলাই মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ, যা আগের অর্থবছরের একই মাসে ছিল ৫ দশমিক ৪০ শতাংশ। অবশ্য গত মাসের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত জুন মাসে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯৪ শতাংশ। বুধবার (৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে সংবাদ সম্মেলনেপরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ এই তথ্য তুলে ধরেন।  

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আগাম বন্যায় চালের দাম কিছুটা বেড়েছে। মে মাসে চালের টনের দাম ছিল ৪০৩ ডলার, জুনে তা বেড়ে দাঁড়ায় ৪৪৫ ডলার। তবে ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম আরও কমবে।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে অনেক পণ্যের দাম কমেছে। মে মাসে সয়াবিন তেলের দাম ছিল প্রতি টন ৭১৪ মার্কিন ডলার। জুন মাসে তা কমে দাঁড়ায় ৭০৫ ডলার। আবার মে মাসে চিনির দাম প্রতি টন ৩৪৬ ডলার, জুন মাসে ৩০৩ ডলার হয়েছে।’

গত অর্থবছর (২০১৬-১৭) বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি আগের অর্থবছরের তুলনায় সামান্য কমে ৫ দশমিক ৪৪ শতাংশ হলেও শেষ প্রান্তিকে এসে বাড়তে শুরু করে।

বিবিএস এর তথ্য অনুযায়ী, জুলাই মাসে খাদ্য খাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৯৫ শতাংশ, যা আগের অর্থবছরের একই মাসে ৪ দশমিক ৩৫ শতাংশ ছিল। আর খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি আগের বছরের জুলাইয়ের ৬ দশমিক ৯৮ শতাংশ থেকে কমে চলতি বছরের জুলাইয়ে হয়েছে ৩ দশমিক ৫৩ শতাংশ।

সরকার চলতি ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশের নিচে রাখার লক্ষ্য ঠিক করেছে।

/জিএম/এমএনএইচ/