বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের প্রতি আহ্বান তোফায়েলের

বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকায় থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ভূমিকা রাখার জন্য থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী আপিয়ার্দি থানথ্রাপামের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বাংলাদেশ থাইল্যান্ডের অত্যন্ত কাছের দেশ। তাই অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ এ সুবিধা থ্যাইল্যান্ডের কাছে পেতেই পারে।’

বুধবার (৯ আগস্ট) রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত  দ্বিপাক্ষিক বৈঠকে  এ আহ্বান জানান  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 

এ সময় তোফায়েল আহমেদ থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রীকে বলেন, ‘ভারত আপনাদের কাছ থেকে যেসব সুবিধা পায়, আমরাও আপনাদের কাছে একই সুবিধাই চাই। কারণ, আমরা আপনাদের কাছের দেশ।’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ আপিয়ার্দি থানথ্রাপামকে বলেন, ‘বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ।’ এ সময় বাণিজ্যমন্ত্রী থাইল্যান্ডের খাবারের ভূয়সী প্রসংশা করেন।

বৈঠকে থাইল্যান্ডের বাণিজ্যমন্ত্রী আপিয়ার্দি থানথ্রাপাম তোফায়েল আহমেদকে বলেন, ‘‘আমরা ‘লুক ইস্ট’ পলিসিতে বিশ্বাস করি। বাংলাদেশের সঙ্গে সবক্ষেত্রে সম্পর্ক উন্নয়নে থাইল্যান্ড সব সময়েই সচেষ্ট রয়েছে।’

উল্লেখ্য, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দু’দিনব্যাপী চতুর্থ জেটিসি বৈঠকে অংশগ্রহণের জন্য থাই বাণিজ্যমন্ত্রী আপিয়ার্দি থানথ্রাপাম বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। বুধবার দু’দেশের সচিব পর্যায়ের বৈঠকের মধ্যদিয়ে শুরু হওয়া বৈঠক বৃহস্পতিবার দু’দেশের বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকের মাধ্যমে শেষ হয়। এ সময় দু’দেশের সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/