চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে মোট তিন লাখ মেট্রিক টন আমন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৩৯ টাকা কেজি দরে এই চাল কেনা হবে। আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হয়ে চাল সংগ্রহ আভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্য, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য আধিদফতর এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের ঊর্ধতন র্কমর্কতারা এসময় উপস্থিত ছিলেন।
সভা শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তিন লাখ মেট্রিক টন আমন চাল কেনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতি কেজি আমন চাল ৩৯ টাকা দরে সংগ্রহ করা হবে। এবার প্রতি কেজি আমন চাল উৎপাদনে খরচ হয়েছে ৩৭ টাকা।’
উল্লেখ্য, গত বছর ৩৩ টাকা দরে তিন লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করেছিল সরকার।
আরও পড়ুন:
আয়কর পরিচয়পত্রের মেধাস্বত্ব পেলো এনবিআর