সিনিয়র সিটিজেনের বয়স ৬৫ বছর হওয়া উচিত: অর্থমন্ত্রী

 

আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি)বর্তমান সরকারের আমলেই সিনিয়র সিটিজেনদের ন্যূনতম বয়সসীমায় একটি পরিবর্তন দেখতে চান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘৬০ বছর নয়, সিনিয়র সিটিজেন হওয়ার বয়স কমপক্ষে ৬৫ বছর হওয়া উচিত।’ সোমবার (০৪ ডিসেম্বর) সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে প্রথমবারের মতো সিনিয়র সিটিজেনদের জন্য ‘অবসর, মাই ড্রিম ল্যান্ড’ নামে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে (পিপিপি) একটি অবকাশ যাপন কেন্দ্র গড়ে তোলার জন্য সমাজসেবা অধিদফতর ও ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) মধ্যে চুক্তিস্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সমাজসেবা অধিদফতরের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির ও ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে এর চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী চুক্তিতে স্বাক্ষর করেন।

বয়স্কদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য ওল্ড হোমে গিয়ে তাদের সময় দিতে সবার প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সিনিয়র নাগরিকদের আনন্দ দেওয়ার জন্য প্রত্যেকেরই ওল্ড হোমে যাওয়া উচিত। এটা আমাদেরও আনন্দ দেবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নূরুজ্জামান আহমেদ ও সমাজকল্যাণ সচিব মো. জিল্লুর রহমান প্রমুখ।