১৫ প্রকল্পে ১৮ হাজার কোটি টাকা অনুমোদন


একনেক বৈঠক (ফোকাস বাংলা)
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপনে আর্থিক অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও দিনাজপুরের পার্বতীপুর থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত মিটারগেজ রেললাইনকে ব্রডগেজে রূপান্তরের সিদ্ধান্তসহ মোট ১৫টি প্রকল্পে আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

১৫টি (নতুন ও সংশোধিত) প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৯৮৭ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে (জিওবি) ১১ হাজার ৯৪০ কোটি ৩২ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫২৩ কোটি ৬৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য বাবদ পাওয়া যাবে ৫ হাজার ৫২৩ কোটি ২২ লাখ টাকা।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরস্থ পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা একনেক সভায় সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। একনেক সভায় সংশ্লিষ্ট মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিকল্পনামন্ত্রী জানান, আজকের একনেক সভায় ১. শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প, ২. বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর হতে কাউনিয়া পর্যন্ত মিটারগেজ রেলওয়ে লাইনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্প, ৩. ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া নাসিরাবাদ, দক্ষিণগাঁও, ডেমরা ও মান্ডা এলাকার সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প, ৪. বিদ্যুৎ বিভাগের “পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট ও সুপার থার্মাল পাওয়ার প্লান্ট-এর জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও সংরক্ষণ” প্রকল্প, ৫. কৃষি মন্ত্রণালয়ের “উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়)” প্রকল্প, ৬. কৃষি মন্ত্রণালয়ের “বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন” প্রকল্প, ৭. কৃষি মন্ত্রণালয়ের “রংপুর অঞ্চলে ভূ-উপরি’ পানি সংরক্ষণের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন ও সেচ দক্ষতা বৃদ্ধিকরণ” প্রকল্প, ৮. স্থানীয় সরকার বিভাগের “বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্প, ৯. স্থানীয় সরকার বিভাগের “৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন” প্রকল্প, ১০. রেলপথ মন্ত্রণালয়ের “কালুখালী ভাটিয়াপাড়া সেকশন পুনর্বাসন এবং কাশিয়ানী-গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া নতুন রেলপথ নির্মাণ” প্রকল্প, ১১. জননিরাপত্তা বিভাগের “বর্ডার গার্ড বাংলাদেশ-এর জন্য বিভিন্ন বিওপি’র পরিসীমা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ (১ম পর্যায়)” প্রকল্প, ১২. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের “জামালপুর-চেচুয়া-মুক্তাগাছা মহাসড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ প্রকল্প, ১৩. আর্থিক প্রতিষ্ঠান বিভাগের “বাংলাদেশের বীমা খাত উন্নয়ন” প্রকল্প, ১৪. “জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (বরিশাল জোন)” প্রকল্প ও ১৫. “পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন” প্রকল্প গৃহীত হয়েছে।