১৪ জুনের মধ্যে শ্রমিকদের বোনাস দেওয়ার আহ্বান শ্রম প্রতিমন্ত্রীর

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (ফাইল ছবি: সংগৃহীত)গার্মেন্টসসহ অন্যান্য শিল্প কারখানার শ্রমিকদের ঈদ বোনাস ১৪ জুনের মধ্যে পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। মঙ্গলবার (২৯ মে) সচিবালয়ে  ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটি’র ৩৬তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য তিনি জানান।

শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফ শামীম, বিজিএমই-এর সভাপতি সিদ্দিকুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূঁইয়া, শ্রম অধিদফতরের মহাপরিচালক শিবনাথ রায়, শিল্প পুলিশের মহাপরিচালক (অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক) আব্দুস সালাম, বিকেএমইএ, বিটিএমইএ, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘কারখানার উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখতে, রাস্তায় যানজট এড়াতে গত বছরের মতো এবারও অঞ্চল ভিত্তিক শ্রমিকদের ছুটি আগে-পিছে করা হবে।’ তিনি বলেন, ‘সব কারখানা মালিক নিয়ম অনুযায়ী মে মাসের বেতন জুন মাসের ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করবেন। আর ঈদের বোনাস ঈদের ছুটির আগেই দেবেন।’

মুজিবুল হক বলেন, ‘সবাই মিলে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে সরকারের সব সেক্টর আগের চেয়ে বেশি সক্রিয়। শ্রমিকদের বেতন বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পরিদর্শকদের মাধ্যমে ভিজিলেস টিম গঠন করা হয়েছে।’ এসমঈদযাত্রাকে নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ ও শ্রমঘন এলাকায় শিল্প পুলিশকে টহল বাড়ানোর পরামর্শ দেন শ্রম প্রতিমন্ত্রী।