ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য বাড়বে: তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ (ফাইল ছবি)বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যুক্তরাজ্যের দুই শতাধিক কোম্পানি বাংলাদেশে কাজ করছে, বিনিয়োগের পরিমাণও অনেক।  যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর (ব্রেক্সিট) বাংলাদেশের সঙ্গে দেশটির বাণিজ্য আরও বাড়বে। বর্তমানে উভয় দেশের বাণিজ্য প্রায় চার বিলিয়ন মার্কিন ডলারের।

রবিবার (১ জুলাই) সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় সফররত যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ডের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশ বর্তমানে ৪২তম অর্থনীতির দেশ। ২০৩০ সালে ২৮তম দেশে পরিণত হবে। বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল। নিজ অর্থায়নে আমরা বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক বিনিয়োগ করতে না চাইলে আমরা নিজ অর্থায়নেই সেতুটি নির্মাণ করছি।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বাজেট এখন আর বিদেশি সাহায্য নির্ভর নয়। নারীর ক্ষমতায়নে এ অঞ্চলের মধ্যে বাংলাদেশ এগিয়ে। আমাদের জাতীয় সংসদে ৭৩ জন নারী এমপি রয়েছেন। কর্মক্ষেত্রে নারীর উপস্থিতি চোখে পড়ার মতো। তৈরি পোশাকশিল্পে ৪৫ লাখ শ্রমিকের মধ্যে নারী ৮০ ভাগ। নারীর ক্ষতায়নে বাংলাদেশ এখন অনেক এগিয়ে।’

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আয়োজন করবে। নির্বাচন কমিশন স্বাধীন। দেশের সব রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেবে। বিএনপি গত জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে।’

ব্রিটিশ প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ দৃষ্টান্ত স্থাপন করেছে। বাংলাদেশ মানবতার জন্য বড় কাজ করেছে। এজন্য যুক্তরাজ্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। আমি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছি এবং বাস্তব চিত্র দেখেছি। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে। এ বিষয়ে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’  

এসময় বাণিজ্য সচিব শুভাশীষ বসু উপস্থিত ছিলেন।