ইপিবির তথ্যানুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রার লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। সেই হিসাবে এ অর্থবছরের প্রথম ১১ মাসে লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৫৪০ কোটি ডলার। এই সময়ে আয় হয়েছে ৩ হাজার ৭৭৫ কোটি ৬ লাখ মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ৬৪ শতাংশ বেশি। গত ২০১৭-১৮ অর্থবছরের ১১ মাসে রফতানি আয় ছিল ৩ হাজার ৩৭২ কোটি ৮৮ লাখ ডলার।
একক মাস হিসেবে গত মে মাসে রফতানি আয় হয়েছে ৩৮১ কোটি ৩৩ লাখ ডলার। গত বছরের মে মাসে এ আয় ছিল ৩৩২ কোটি ডলার। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭৮ শতাংশ।
এ অর্থবছরের ১১ মাসে মোট রফতানি আয়ে তৈরি পোশাকের অবদান ৮৪ শতাংশের বেশি। এই সময়ে তৈরি পোশাক খাতের রফতানি আয় এসেছে ৩ হাজার ১৭৩ কোটি ৩৮ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় চেয়ে ১২ দশমিক ৮২ শতাংশ বেশি। গত ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক খাতে রফতানি আয় ছিল ২ হাজার ৮১২ কোটি ডলার।