মঙ্গলবার (১৬ জুন) এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এই আদেশ ১১ জুন থেকে কার্যকর হবে, যা ২০২২ সালের ৩০ জুন পযর্ন্ত বলবৎ থাকবে।
এনবিআরের এই সুবিধা পেতে হলে আমদানিকারককে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কম্প্লাইন্ট সেলুলার ফোন উৎপাদনকারী বা সংযোজনকারী প্রতিষ্ঠান বা ভেন্ডর হতে হবে এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অধীন নিবন্ধিত হতে হবে। এছাড়া সেলুলার ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের অর্থ হলো ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কম্প্লাইন্ট প্রতিষ্ঠান, যারা স্থানীয়ভাবে সংগৃহীত আমদানি করা কাঁচামাল দিয়ে সেলুলার ফোনের ব্যাটারি চার্জার ও আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রাংশ এবং এক্সেসরিজ নিজেো প্রস্তুত করে বা স্থানীয় ভেন্ডর হতে সংগ্রহ করে সেলুলার ফোন উৎপাদন করে থাকে।
এনবিআরের নির্দেশনা অনুযায়ী, ভেন্ডর অর্থে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার ভ্যাট কম্প্লাইন্ট প্রতিষ্ঠান— যারা স্থানীয়ভাবে সংগৃহীত আমদানিকৃত কাঁচামাল দিয়ে সেলুলার ফোন ব্যাটারি চার্জার পিসিবিএ আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রাংশ বা এক্সেসরিজ প্রস্তুত পূর্ব সেলুলার ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সুনির্দিষ্ট বিক্রয় চুক্তির আওতায় বা স্থানীয়ভাবে সরবরাহ করে থাকে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ভ্যাট কম্প্লাইন্ট অর্থ মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এর অধীন নিয়মিত দাখিলপত্র (রিটার্ন) দাখিল করে, এমন সেলুলার ফোন উৎপাদনকারী বা সংযোজনকারী প্রতিষ্ঠান বা ভেন্ডর হিসেবে নিবন্ধিত প্রতিষ্ঠান। এছাড়াও পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব টেস্টিং ল্যাব থাকতে হবে, অথবা মান নিয়ন্ত্রণের জন্য কোনও স্বীকৃত টেস্টিং ল্যাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। আমদানিকৃত পণ্য বা যন্ত্রাংশ উপকরণ সেলুলার ফোন, ট্যাব উৎপাদন অথবা সেলুলার ফোন সংশ্লিষ্ট ব্যাটারি চার্জার ও পিসিবি’র উৎপাদন ব্যতীত অন্য কোনও কাজে ব্যবহার বা বিক্রি বা অন্যত্র হস্তান্তর করা যাবে না।