ফের ডিএসই’র প্রধান সূচক পাঁচ হাজার পয়েন্টে

ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৬ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর প্রধান মূল্যসূচকের বড় উত্থান হয়েছে। তিন মাস পর ডিএসই’র প্রধান মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টে উঠে এসেছে। এ দিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচকের বড় উত্থান হয়েছে।

মূল্যসূচকের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে সিএসইতে লেনদেন কিছুটা কমেছে।

এ দিন শুরুর প্রথম ঘণ্টার লেনদেনেই ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স ১০ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের এই উত্থান প্রবণতা অব্যাহত থাকে। দিন শেষে ডিএসই-এক্স আগের দিনের তুলনায় ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৪ পয়েন্টে উঠে এসেছে।

এর মাধ্যমে গত ২৮ সেপ্টেম্বরের পর সূচকটি আবারও পাঁচ হাজার পয়েন্টের দেখা পেলো। আর ২০ সেপ্টেম্বরের পর সূচকটি সর্বোচ্চ অবস্থানে উঠে আসে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

মূল্যসূচকের এই উত্থানের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫৪ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। আর কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০টির দাম।

রবিবার লেনদেন হয়েছে ৮৪৩ কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮২২ কোটি ৬৩ লাখ টাকা। সেই হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ২১ কোটি ১৭ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৫২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৬১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬টির এবং ৪৫টির দাম অপরিবর্তিত রয়েছে।