‘তেল গ্যাস অনুসন্ধানে জাতীয় অগ্রাধিকার জরুরি’

বাংলাদেশে তেল গ্যাস অনুসন্ধান কাজে গতি আনতে নিজস্ব অর্থায়নে একক বাপেক্স নির্ভর না করে স্থল ও সাগরে অনুসন্ধানে আন্তর্জাতিক তেল কোম্পানিকে আনতে হবে, বাপেক্সকেও কাজ করতে হবে একক ও যৌথ উদ্যোগে।

আজ শনিবার (১ মে) এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন আয়োজিত এক অনলাইন আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ‘পোস্ট কোভিড হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন চ্যালেঞ্জেস ফর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সঞ্চালনা করেন এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করে আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক ইঞ্জি খন্দকার আবদুস সালেক। আলোচনায় অংশ নেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব আবুল মনসুর,  প্রফেসর ড. বদরুল ইমাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক  মোক্তাদির আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাপেক্স নিজস্ব সিদ্ধান্তে কোনও কাজ করতে পারে না। বরং জ্বালানি বিভাগ থেকে তাদের পুরোটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারা মনে করেন, পরিকল্পনা প্রণয়ন ও কাজ করার ক্ষেত্রে তাদের আরো স্বাধীনতা দেওয়া জরুরি। তাই আইওসিদের বিনিয়োগ আনতে হবে। বিশেষ করে স্থলভাগের পশ্চিমাঞ্চল ও গভীর কাঠামোতে অনুসন্ধানে এর কোনও বিকল্প নেই।

মুল প্রবন্ধে ইঞ্জি খন্দকার আবদুস সালেক বলেন, নিজস্ব গ্যাসের জোগান বাড়াতে না পারলে কেবল এলএনজি আমদানি জ্বালানি নিরাপত্তা দিতে পারবে না।আর সেটির জন্য আইওসিদের আকর্ষণ করার মতো নীতি হাতে নিতে হবে। আর এটা শুরুর করার জন্য মাল্টি ক্লায়েন্ট সার্ভে শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই, হাতে থাকা ডাটা ব্যবহার করেই তা করা সম্ভব। তবে পিএসসি দলিলে গ্যাসের দামের যে ক্যাপিং করা আছে তা বদলাতে হবে। বরং পিএসসি জন্য একটি প্রাইসং ফর্মুলা যুক্ত করতে হবে। যার আলোকে অনুসন্ধান শুরুর ৮/১০ বছর পর যখন উৎপাদন শুরু হবে তখন দাম নির্ধারণ করা যাবে। সরকারের উচিত তেল গ্যাস অনুসন্ধানের জন্য এখনই একটি জাতীয় অগ্রাধিকার পরিকল্পনা প্রণয়ন করা। যার আওতায় কভিড পরিস্থিতির উন্নতি হলেই বাপেক্স, আইওসি, পিএসসি ও জয়েনভেঞ্চার সব উদ্যোগ মিলিয়ে একইসঙ্গে কমপক্ষে ১০টি রিগকে অপারেশনাল করা। আর এগুলো করতে না পারলে আগামী ৫/৬ বছরের মধ্যে দেশকে বড় ধরনের গ্যাস সংকটে পড়তে হবে।

পাহাড়ের অনুসন্ধানে জাপানের মিটসুই ৬টি কাঠামো চিহ্নিত করে অনুসন্ধান শুরুর প্রস্তাব দিলেও তা সিদ্ধান্তহীন পড়ে আছে। তাদের কাজ শুরুর জন্য এখনই সবুজ সংকেত দেওয়া উচিত। এদিকে ছাতক গ্যাস ক্ষেত্র উন্নয়নে এখন বিনিয়োগ পরিকল্পনা চূড়ান্ত করে কাজ শুরু করা উচিত। তবে মনে রাখতে হবে কেবল বাপেক্সর জন্য অপেক্ষা করে লাভ নেই। বরং তেল গ্যাস অনুসন্ধানে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের কাজে আইওসিদের আকর্ষণ করতে পরিকল্পনা মাফিক উদ্যোগ নিতে হবে।