ব্যাংক ও শেয়ার বাজারের পর বিমা কোম্পানির অফিস খোলার সিদ্ধান্ত এসেছে। চলমান বিধিনিষেধের মধ্যে সোমবার (৫ জুলাই) থেকে বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা সকাল ১০ থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। রবিবার (৪ জুলাই) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সেই সঙ্গে বিমা কর্মীদের দাফতরিক কাজে অফিসের গাড়িতে যাতায়াতের ক্ষেত্রে সহায়তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চিঠি দিয়েছে আইডিআরএ।
এর আগে গত বৃহস্পতিবার বিমা কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) থেকে বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার দাবি জানানো হয়।
এরই পরিপ্রেক্ষিতে রবিবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে আইডিআরএ’র পক্ষ থেকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত বিমা কোম্পানির প্রধান কার্যালয়সহ কিছু গুরুত্বপূর্ণ শাখা খোলা রাখার বিষয়ে অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।