সরকার ৯০ হাজার টন ইউরিয়া সার ও ২৫ হাজার টন রক ফসফেট সার কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ সব সার কেনা হবে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় সার সারখানা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল) থেকে এসব সার কেনা হবে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ৬৮৪ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় কৃষি মন্ত্রণালয়ের এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব।
তিনি জানান, বৃহস্পতিবার (০৩ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে নবম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে তৃতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার, ১৯৮ কোটি ৬২ লাখ ৩০ হাজার ৫৬৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
এছাড়াও সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড (টিএসপিসিএল)-এর জন্য ২৫ হাজার মেট্রিক টন রক ফসফেট কেনার সিদ্ধান্ত হয়েছে। ঢাকার মেসার্স দেশ ট্রেডিং করপোরেশন থেকে ৮৮কোটি ৭৬ লাখ ৪২ হাজার ৬৫৫ টাকায় এই সার কেনা হবে।