কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আইন বাস্তবায়নে প্রতিযোগিতা কমিশন ও ভোক্তা অধিদফতরকে আরও শক্তিশালী করা হবে। উৎপাদন, আমদানি সব পর্যায়ে পণ্যের দাম হতে হবে যৌক্তিক। বাজারে কেউ যেন কোনও ধরনের নেতিবাচক অবস্থার সৃষ্টি করতে না পারে সে জন্য দেশে কৃষিপণ্যের যৌক্তিক দাম নির্ধারণ প্রয়োজন।

বুধবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) এক সেমিনারে তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর অর্থনৈতিকভাবে ভঙ্গুর দেশকে সমৃদ্ধশালী করতে কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। বর্তমান সরকার ক্ষমতায় এসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে। দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখা দরকার।’

চট্টগ্রামে চিনির ফ্যাক্টরিতে দুর্ঘটনার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু বলেন, ‘এ কারণে বাজারে কোনও প্রভাব পরার কথা না। বাজারে পর্যাপ্ত চিনি আছে। যদি কোনও মিল দাম বাড়ায় বা যোগসাজোস করে, তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন প্রদীপ রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনক্টেডের ইকোনমিক অ্যাফেয়ার্স অফিসার এলিজাবেথ গাছুরি এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য হাফিজুর রহমান।