সাড়ে ১৬ লাখ মানুষকে চিত্তবিনোদন সুবিধা দিয়েছে সরকার

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে শ্রমিক কল্যাণ ও নারীবান্ধব কর্মক্ষেত্র সৃষ্টির ক্ষেত্রে ১৬ লাখ ৫৫ হাজার ৭৬৭ জনকে চিত্তবিনোদন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার’ শীর্ষক বাজেটে এই তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত বাজেটে বলা হয়, শ্রমিক কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যে ৩২টি শ্রম কল্যাণ কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে ৯ লাখ ৪৭ হাজার ৪১৮ জনকে স্বাস্থ্যসেবা, ৫ লাখ ৩৫ হাজার ১৩৩ জনকে পরিবার পরিকল্পনা পরামর্শ ও সেবা এবং ১৬ লাখ ৫৫ হাজার ৭৬৭ জনকে চিত্তবিনোদন সুবিধা দেওয়া হয়েছে।

এছাড়া তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি ৮ হাজার ৫০০ টাকা থেকে ১২ হাজার ৫০০ টাকায় পুনঃনির্ধারণসহ ৪৩টি শিল্প সেক্টরের নিম্নতম মজুরি নির্ধারণ/পুনঃনির্ধারণ করা হয়েছে। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে গত ১০ বছরে ২৩ হাজার ৩৮৭ জন শ্রমিককে ১১ কোটি ১২ লাখ টাকা এবং কেন্দ্রীয় তহবিল থেকে শ্রমিকদের দুর্ঘটনাজনিত ও পারিবারিক কারণে গত ৬ বছরে ২০ হাজার শ্রমিককে ১৯৬ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।