ঋণের কিস্তি পরিশোধ, মেয়াদোত্তীর্ণের সময়সীমা ৬ মাস করার দাবি

খেলাপি করার ক্ষেত্রে অপরিশোধিত ঋণের কিস্তি পরিশোধে মেয়াদোত্তীর্ণের সময়সীমা ৩ মাসের পরিবর্তে ৬ মাস করার অনুরোধ জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই অনুরোধ জানান করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

তিনি আশাবাদ ব্যাক্ত করেন যে, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রেমিট্যান্স ও রিজার্ভ বৃদ্ধি করে এবং বিনিয়োগবান্ধব বাংলাদেশ গড়তে বাংলাদেশ ব্যাংক তার নেতৃত্বে জোরালো ভূমিকা রাখবে। এছাড়া, এফবিসিসিআই সভাপতি ব্যাংকিং খাতের সংস্কার ও শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ব্যাংকিং কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এই ব্যাংকিং কমিশন কার্যকর হলে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে।

দেশের অর্থনীতির গতি বাড়াতে এফবিসিসিআই সভাপতি ব্যাংক ঋণের সুদের হার স্থিতিশীল রাখা, আমদানি-রফতানি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ডলারের জোগান দেওয়া, এসএমইসহ ক্ষতিগ্রস্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে সহায়তা প্রদান, রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) এর পরিমাণ আরও বাড়ানো এবং অপরিশোধিত ঋণের কিস্তি পরিশোধে মেয়াদোত্তীর্ণের সময়সীমা ৩ মাসের পরিবর্তে ৬ মাস করার প্রস্তাব রাখেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আশ্বস্ত করে বলেন, দেশে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি, ব্যাংকিং খাতের সংস্কার ও শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক নির্মোহভাবে কাজ করবে। এক্ষেত্রে ব্যক্তির চেয়েও প্রতিষ্ঠানকে প্রাধান্য দেওয়া হবে বলে তিনি জানান। গভর্নর আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটা নির্দিষ্ট সময়ের জন্য এসেছে। তাই তারা ব্যাংকিং খাতে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদে কার্যকর ও টেকসই হয়— এমন পদ্ধতি বাস্তবায়নে কাজ করে যাবেন।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ড. মো. হাবিবুর রহমানসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মাহবুবুল আলমের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিনিধি দলে ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি  এম এ কাশেম,  আব্দুল আউয়াল মিন্ট‍ু,  মো. জসিম উদ্দিন, এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি মো. মুনির হোসেন, ডিসিসিআই সভাপতি  আশরাফ আহমেদ, এমসিসিআই সভাপতি  কামরান টি. রহমান, বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি  খন্দকার রফিকুল ইসলাম, বিটিএমএ’র সভাপতি  শওকত আজিজ রাসেল, বিকেএমইএ’র নির্বাহী সভাপতি  মোহাম্মদ হাতেম, বিটিএমএ’র সহ-সভাপতি  মোহাম্মদ ফায়জুর রহমান ভূঁইয়া, বারভিডার সভাপতি মো. হাবিব উল্লাহ ডনসহ প্রমুখ।