ভারত থেকে বাংলাদেশে গ্যাসঅয়েল বহনকারী ট্রেনকে শ্রিংলার শুভেচ্ছা

ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাভারত থেকে গ্যাসঅয়েল বহনকারী ট্রেনকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। দিনাজপুরের পার্বতীপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান উপস্থিত ছিলেন।
ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেডের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ট্রেনে করে গ্যাসঅয়েল আমদানি করছে। গ্যাসঅয়েল বহনকারী শুভেচ্ছা ট্রেনের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সরকারের পক্ষ থেকে।
অনুষ্ঠানে শ্রিংলা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে, বিশেষ করে জ্বালানি খাতে, এটি একটি যুগান্তকারী ঘটনা। গতবছর বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সম্পাদিত ‘নতুন প্রজন্ম, নয়া দিশা’ শীর্ষক যৌথ ঘোষণার আলোকে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে দেশটিকে সহযোগিতা করতে পেরে আমরা দারুণভাবে আনন্দিত।
আমি নিশ্চিত যে, অচিরেই আমরা বাংলাদেশে গ্যাসঅয়েল সরবরাহের লক্ষ্যে গত ২০ এপ্রিল ২০১৫ নুমালিগড় রিফাইনারি লিমিটেড এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুসারে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) উদ্বোধন করতে পারবো। এটি জ্বালানি খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতার সেরা দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি, বাণিজ্য, রেলওয়ে, টেলিকম এবং সাইবার যোগাযোগসহ সম্পর্কের অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী ভারত।

/এফএস / এএইচ/