নিলামে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ডলারের দর স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে নিলামের মাধ্যমে আরও ১০৪ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৬ অক্টোবর) ১২১ টাকা ৮০ পয়সা দরে ৮টি ব্যাংক থেকে এই ডলার কেনা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জুলাই থেকে চলতি অর্থবছরে এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে মোট ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার কিনেছে। এ উদ্যোগের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলারে।

অর্থনীতিবিদ ও ব্যাংক কর্মকর্তারা বলছেন, বাজারে ডলারের দরে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এ ধরনের পদক্ষেপ জরুরি। তাদের মতে, ডলারের দর অতিরিক্ত বেড়ে গেলে যেমন আমদানি ব্যয় বাড়ে, তেমনি দর পড়ে গেলে রেমিট্যান্স ও রফতানির প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে।

তারা আরও বলেন, নিলামের মাধ্যমে ডলার কেনার ফলে রেমিট্যান্স প্রেরক ও রফতানিকারকরা কিছুটা বাড়তি সুবিধা পাচ্ছেন, যা বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধিতে সহায়ক হচ্ছে। একইসঙ্গে এই পদক্ষেপে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, নিলামের মাধ্যমে ডলার কেনা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য না আসে।