প্লাস্টিক ও সিরামিক খাতে বাংলাদেশে যৌথ বিনিয়োগে আগ্রহী কুয়েতের ব্যবসায়ীরা

প্লাস্টিক, সিরামিক, চামড়াজাত পণ্যসহ সম্ভাবনাময় কয়েকটি শিল্প খাতে বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীদের মধ্যে যৌথ বিনিয়োগের আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে পেট্রোকেমিক্যাল শিল্পে কুয়েতের বিনিয়োগ এবং কুয়েতে সিরামিক কারখানা স্থাপনের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা।

এ ছাড়া তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, আইসিটি ও চামড়াজাত পণ্য খাতেও বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে দুই দেশের ব্যবসা-বাণিজ্য আরও সহজ করতে ভিসা জটিলতা দূর করার ওপর গুরুত্ব দিয়েছেন উদ্যোক্তারা।

বুধবার (১১ নভেম্বর) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের এক অনলাইন বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে কুয়েত চেম্বারের প্রতিনিধি, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তারা অংশ নেন।

বৈঠকের শুরুতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে কুয়েতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। তিনি বলেন, বাংলাদেশের চামড়া, প্লাস্টিক, সিরামিক, প্রক্রিয়াজাত খাদ্য, তৈরি পোশাক ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। এসব খাতে দুই দেশের উদ্যোক্তারা যৌথ উদ্যোগ নিলে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারে।

তিনি দ্রুত এসব সুযোগ কাজে লাগাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

বৈঠকে কুয়েতে বাংলাদেশের কাউন্সেলর (পলিটিক্যাল ও এওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, কুয়েতের মানুষের ক্রয়ক্ষমতা তুলনামূলক বেশি। ফলে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, আইসিটি এবং প্লাস্টিক পণ্য রফতানি বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি জানান, দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ এবং অংশীদারত্ব জোরদারে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের সম্ভাবনা

বৈঠকে বাংলাদেশের প্লাস্টিক শিল্পে কুয়েতি বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শামীম আহমেদ। তিনি কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে পেট্রোকেমিক্যাল শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশ কুয়েত থেকে উল্লেখযোগ্য পরিমাণ পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করে। এ খাতে দুই দেশের মধ্যে যৌথ বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। কুয়েতের বিনিয়োগকারীরা বাংলাদেশে এ ধরনের শিল্প স্থাপনে এগিয়ে এলে উভয় দেশই লাভবান হতে পারে।

তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণে যাতায়াত ও যোগাযোগ সহজ করা জরুরি। এ জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের কুয়েত সফরের ক্ষেত্রে ভিসা জটিলতা দূর করার অনুরোধ জানান তিনি।

কুয়েতে সিরামিক কারখানা স্থাপনের প্রস্তাব

সিরামিক খাতেও যৌথ বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেন বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাইনুল ইসলাম। তিনি কুয়েতের উদ্যোক্তাদের বাংলাদেশে সিরামিক শিল্পে বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের সীমাবদ্ধতার কারণে সিরামিক শিল্পের উৎপাদন ব্যয় ও কার্যক্রম পরিচালনায় বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এ বাস্তবতায় কুয়েতে টেবিলওয়্যার সিরামিক কারখানা স্থাপনে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যৌথ ব্যবসায়িক সহযোগিতার সুযোগ রয়েছে।

অন্যদিকে কুয়েত চেম্বারের প্রতিনিধি আব্দুল আজিজ দেশটির আবাসন খাতে বাংলাদেশি সিরামিক ও ফিনিশিং পণ্যের চাহিদার সম্ভাবনা তুলে ধরেন। কুয়েতে আবাসন ও নির্মাণ খাতের জন্য এসব পণ্য সরবরাহে বাংলাদেশি উদ্যোক্তারা ভালো সুযোগ পেতে পারেন বলে তিনি জানান।

যোগাযোগ বাড়াতে কাজ করবে কুয়েত চেম্বার

দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে তথ্য বিনিময় এবং পারস্পরিক যোগাযোগ আরও জোরদারে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন কুয়েত চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল ইমাদ আল-জায়েদ। তিনি জানান, বাংলাদেশ ও কুয়েতের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সম্ভাব্য বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারত্ব তৈরিতে কুয়েত চেম্বার সহযোগিতা করবে।

বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি, কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা অংশ নেন।

বৈঠকে প্লাস্টিক, সিরামিক ও পেট্রোকেমিক্যাল শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য এবং তথ্যপ্রযুক্তি খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং যৌথ উদ্যোগের ক্ষেত্র চিহ্নিত করার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।