৯৬ ঘণ্টা ব্যাংক বন্ধের অনুমতি বাতিল, পদ্মা ব্যাংক নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের

কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডের জন্য টানা ৯৬ ঘণ্টা ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দেওয়া হলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ায় ব্যাংকটির চার দিন সব ধরনের লেনদেন বন্ধ রাখার অনুমোদন বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (২৫ নভেম্বর) এ অনুমোদন বাতিল করা হয়। এর আগে পদ্মা ব্যাংক পিএলসির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ নভেম্বর ২৪ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ব্যাংকটির সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ রাখার অনুমতি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কোনো ব্যাংকের সেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হলে কেন্দ্রীয় ব্যাংকের সুপারভাইজারি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে অনুমোদন নিতে হয়। পদ্মা ব্যাংককেও সে অনুযায়ী অনুমতি দেওয়া হয়েছিল। তবে ব্যাংক রেজল্যুশন বিভাগ প্রতিষ্ঠানটিকে রেজল্যুশনের আওতায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আগের অনুমোদন বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেড করতে ব্যাংকটির উল্লেখযোগ্য অর্থ ব্যয় হতো। পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সুযোগে তথ্য গোপনের আশঙ্কাও রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অনুমোদন বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে দেওয়া অনুমোদন অনুযায়ী, পদ্মা ব্যাংকের সব শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার কথা ছিল। একই সময়ে চেক ক্লিয়ারিং, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি), রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে লেনদেনও স্থগিত রাখার পরিকল্পনা ছিল। বন্ধ থাকার কথা ছিল ডেবিট কার্ড, মোবাইল ওয়ালেট, পিওএস, এটিএম, ই-কমার্স ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব ডিজিটাল সেবাও।

ব্রিজ ব্যাংক গঠনের পরিকল্পনা

ব্যাংকটি বন্ধ না করে সরকারি অর্থায়নে পুনর্গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পদ্মা ব্যাংকের কার্যক্রম পুনর্বিন্যাস ও আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে ব্যাংকটি বেসরকারি খাতে বিক্রির পরিকল্পনাও রয়েছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সার্কুলারের মাধ্যমে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় পদ্মা ব্যাংককে নেওয়ার সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের গত সপ্তাহের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রেজল্যুশন আইনের আওতায় দুর্বল কোনো ব্যাংক বিক্রি, বন্ধ, অন্য ব্যাংকের সঙ্গে একীভূত কিংবা পুনঃমূলধনীকরণের উদ্যোগ নেওয়া যায়। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। রেজল্যুশন প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে পদ্মা ব্যাংকসহ ১১টি ব্যাংকের সম্পদের মান যাচাই বা অ্যাসেট কোয়ালিটি রিভিউ (একিউআর) সম্পন্ন করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে পদ্মা ব্যাংকের আর্থিক সংকট কাটানোর পরিকল্পনা রয়েছে। এ জন্য সরকার প্রয়োজনীয় মূলধন ও তহবিল সরবরাহ করবে। আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা তৈরি এবং আর্থিক সূচকের উন্নতি হলে ব্যাংকটি বেসরকারি খাতে বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আইন অনুযায়ী, ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠার পর পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে সর্বোচ্চ পাঁচ বছর সময় পাওয়া যাবে।

৮৯ শতাংশ ঋণ খেলাপি, মূলধন ঘাটতি ৬ হাজার ২২৪ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে পদ্মা ব্যাংকের বিতরণ করা ৫ হাজার ৫৩৯ কোটি টাকার ঋণের মধ্যে ৪ হাজার ৯৩৩ কোটি টাকাই খেলাপি। অর্থাৎ ব্যাংকটির মোট ঋণের ৮৯ দশমিক ০৬ শতাংশ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। ক্রমপুঞ্জীভূত লোকসানসহ নানা আর্থিক সংকটে থাকা ব্যাংকটির গত বছর শেষে মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ২২৪ কোটি টাকা।

তথ্য অনুযায়ী, ব্যাংকটির মূল উদ্যোক্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এবং ব্যবসায়ী মাহবুবুল আলম চিশতী ওরফে বাবুল চিশতীর অনিয়ম ও জালিয়াতির কারণে প্রতিষ্ঠানটি আর্থিক সংকটে পড়ে। ২০১৩ সালে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে ব্যাংকটি। পরে ২০১৯ সালে নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক করা হয়।

আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংকটিকে এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর সেই উদ্যোগ আর বাস্তবায়িত হয়নি। এবার রেজল্যুশন আইনের আওতায় ব্যাংকটিকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।