রেজল্যুশন প্রক্রিয়ায় পদ্মা ব্যাংক, আপাতত বসছে না প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ২১:১০ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২১:১০

পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির দীর্ঘদিনের আর্থিক সংকট, বিপুল খেলাপি ঋণ, মূলধন ও তারল্য ঘাটতি এবং সুশাসনের দুর্বলতা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে আপাতত ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনও প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। আগের মতোই ব্যাংকটির দৈনন্দিন কার্যক্রম ও গ্রাহকসেবা চালু থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনার অনুমোদন দেওয়া হয়। পরে কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আসার ফলে ব্যাংকটিকে একীভূত করা, পুনর্গঠন কিংবা প্রয়োজনে অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। ব্যাংকটির আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতে কার্যকরভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে ‘ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬’-এর ক্ষমতাবলে পদ্মা ব্যাংককে এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, রেজল্যুশন আইনের বিধান অনুযায়ী ব্যাংকটির জন্য একটি কার্যকর ও উপযুক্ত কৌশল নির্ধারণ করে তা বাস্তবায়ন করা হবে। তবে এ পর্যায়ে কোনো প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকসেবা আগের মতোই অব্যাহত থাকবে।

কেন রেজল্যুশনের আওতায়

বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, এক দশকের বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্য সংকট ও সুশাসনের অভাবের কারণে পদ্মা ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হয়েছে। এসব সমস্যা পুঞ্জীভূত হয়ে ব্যাংকটিকে গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে।

সংকট উত্তরণে বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধানের পাশাপাশি তারল্য সহায়তা ও বিভিন্ন ধরনের নীতিসুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু এসব উদ্যোগের পরও ব্যাংকটির আর্থিক সূচকে কাঙ্ক্ষিত ও টেকসই উন্নতি হয়নি।

এ অবস্থায় আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রেজল্যুশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রত্যাশা, এ পদক্ষেপের মাধ্যমে পদ্মা ব্যাংকের সংকট উত্তরণের পথ তৈরি হবে। একই সঙ্গে দেশের সামগ্রিক আর্থিক খাত আরও শক্তিশালী ও টেকসই ভিত্তির ওপর দাঁড়াতে পারবে।

ফারমার্স ব্যাংক থেকে পদ্মা ব্যাংক

২০১২ সালে ফারমার্স ব্যাংক নামে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। রাজনৈতিক বিবেচনায় ব্যাংকটির অনুমোদন দেওয়া হয়েছিল বলে সে সময় থেকেই আলোচনা ছিল। প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।

প্রতিষ্ঠার পর থেকেই ব্যাংকটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। একপর্যায়ে ঋণ অনিয়ম ও আর্থিক সংকটের কারণে গ্রাহকদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ২০১৭ সালে ব্যাংকটির প্রভাবশালী উদ্যোক্তাদের দায়িত্ব ছাড়তে হয়। এরপর ব্যাংকটিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক।

ব্যাংকটিকে টিকিয়ে রাখতে সরকারি চারটি ব্যাংক ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) মূলধন সহায়তা দেয়। পরবর্তী সময়ে ব্যবসায়ী চৌধুরী নাফিজ সরাফাত ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব নেন। তবে বিভিন্ন উদ্যোগের পরও ব্যাংকটির আর্থিক সংকট কাটেনি এবং গ্রাহকদের আস্থাও ফিরে আসেনি।

২০২৪ সালের শুরুতে চেয়ারম্যানের পদ ছাড়েন নাফিজ সরাফাত। এরপরও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নীতিসহায়তা ও সুবিধা দেওয়া হয়। কিন্তু বিপুল খেলাপি ঋণ এবং দীর্ঘদিনের আর্থিক দুর্বলতার কারণে ব্যাংকটির পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি।

একীভূত বা অবসায়নের সুপারিশ

ব্যাংকটির আর্থিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় গত বছর বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন পদ্মা ব্যাংককে একীভূত করা কিংবা অবসায়নের মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় এবার ব্যাংকটিকে আনুষ্ঠানিকভাবে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংকটির আর্থিক অবস্থা পর্যালোচনা করে কোন পদ্ধতিতে সংকটের সমাধান করা হবে, তা নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক।

তবে রেজল্যুশন প্রক্রিয়া শুরু হলেও আপাতত গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রমে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
ব্যাংক খাতের ক্ষত সারাতে ৪ বছরের পরিকল্পনা, খেলাপি ঋণ কমাতে বেঁধে দেওয়া হলো সময় 
৪৯ বছর পরও নিষ্পত্তি হয়নি মহালক্ষ্মী ব্যাংকের সম্পদ, যা জানালো বাংলাদেশ ব্যাংক
বন্ধকি সম্পত্তি কম দামে বিক্রির অভিযোগ মিথ্যা: সিটি ব্যাংক
সর্বশেষ খবর
আদালতের রায়ে চ্যাম্পিয়ন সেনেগালই
আদালতের রায়ে চ্যাম্পিয়ন সেনেগালই
বিস্ফোরক মামলায় যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
বিস্ফোরক মামলায় যশোর-৬ আসনের সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
শিক্ষক নিয়োগের পরীক্ষা বিসিএসের মানের করার পরিকল্পনা সরকারের
শিক্ষক নিয়োগের পরীক্ষা বিসিএসের মানের করার পরিকল্পনা সরকারের
শিক্ষা খাতের সংস্কার-উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক
শিক্ষা খাতের সংস্কার-উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বিশ্বব্যাংক
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী