দেশের বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

রফতানিমুখী পণ্যের মান নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহের ওপর গুরুত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, রফতানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ গ্রহণযোগ্য নয়। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

বুধবার (২৫ নভেম্বর) ঢাকার ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে দ্য অ্যাসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরিজ বাংলাদেশ (এটিএলবি) আয়োজিত ‘মেইড ইন বাংলাদেশ, টেস্টেড টু গ্লোবাল স্ট্যান্ডার্ডস: দ্য রোল অব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিজ ইন এক্সপোর্ট গ্রোথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য নিরাপদ না হলে স্বাস্থ্য নিরাপদ থাকবে না। মানুষ সুস্থ না থাকলে ব্যবসা, অর্থনীতি ও রাষ্ট্র পরিচালনাও টেকসই হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু খাদ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব নয়। এ জন্য কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম ২০১৩ সালে শুরু হলেও মাঝখানে নানা সীমাবদ্ধতার কারণে প্রতিষ্ঠানটির প্রত্যাশিত বিকাশ হয়নি। বর্তমান সরকার প্রতিষ্ঠানটিকে আরও সক্ষম ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের কথা জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, বাণিজ্য, কৃষিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ পরিকল্পনা করা হবে। তাদের প্রস্তাব যাচাই করে দেশের স্বার্থে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের পরিকল্পনা রয়েছে। আগামী তিন বছরের মধ্যে পরীক্ষাগারগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে খাদ্য পরীক্ষার ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা কমবে এবং দ্রুত পরীক্ষার ফল পাওয়া সম্ভব হবে।

বিদ্যমান পরীক্ষাগারগুলোর সক্ষমতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি রপ্তানি বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরীক্ষার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবার সময়সীমা সংক্ষিপ্ত করা প্রয়োজন। ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সময় লাগায় ব্যবসায়ীরা সমস্যায় পড়েন। এসব জটিলতা নিরসনে সরকার কাজ করছে।

সরকারি ও বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষা করার কারণে ব্যবসায়ীদের সময় ও অর্থ ব্যয় হয়। এ ধরনের পুনরাবৃত্তি ও জটিলতা কমিয়ে সমন্বিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।

খাদ্য পরীক্ষার প্রতিবেদন ও সনদ প্রদানে অনিয়মের বিরুদ্ধে সতর্ক করে খাদ্যমন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে পরীক্ষার প্রতিবেদন প্রভাবিত করা কিংবা অনৈতিকভাবে সনদ দেওয়া গ্রহণযোগ্য নয়। খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ এবং অপরাধের জন্য কঠোর ও বাস্তবসম্মত শাস্তির বিধান প্রয়োজন। ব্যবসায়ীদের বিবেক, নৈতিকতা ও দায়িত্ববোধ থেকেই খাদ্যের মান নিশ্চিত করতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন আহসান হাবীব।

এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বলেন, পণ্য পরীক্ষার ব্যয় যেন পণ্যের মূল্য বৃদ্ধির কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

সেমিনারে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে খাদ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।