তৈরি পোশাক খাতের পর এবার বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্যও নতুন নিম্নতম মজুরি কাঠামো নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় শুরু করেছে সংগঠনটি। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই নতুন কাঠামো প্রণয়নের প্রক্রিয়া শেষ করতে চায় বিটিএমএ।
শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।
বিটিএমএ জানায়, ২০২৪ সালে বস্ত্রশিল্পের শ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়। ওই কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকার কথা। তবে শ্রমিকদের স্বার্থ বিবেচনায় নিয়ে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংগঠনটির মতে, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প একে অপরের পরিপূরক। দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান এবং তৈরি পোশাকশিল্পের বিকাশে প্রাথমিক বস্ত্রশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তৈরি পোশাক খাতের মতো বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টিও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামোর সুপারিশ ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। অন্যদিকে, বস্ত্র খাতেও নতুন মজুরির দাবিতে কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে কয়েকটি কারখানায় শ্রমিকদের একটি ক্ষুদ্র অংশ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে দাবি করেছে বিটিএমএ। এর পেছনে স্বার্থান্বেষী মহলের ইন্ধন ও উসকানি রয়েছে বলেও মনে করে সংগঠনটি।
বিটিএমএর দাবি, সাম্প্রতিক অস্থিরতায় তৈরি পোশাক ও বস্ত্র খাতের বিপুল পরিমাণ রপ্তানি আদেশ অন্য দেশে চলে গেছে। রফতানিমুখী বড় শিল্পে এ ধরনের অস্থিরতা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে উৎপাদন ব্যাহত হলে শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবেন।
এ অবস্থায় শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে ধৈর্য ও সংযমের সঙ্গে উৎপাদন কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছে বিটিএমএ। পাশাপাশি শ্রমিকবান্ধব, যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো প্রণয়নে সবার সহযোগিতা চেয়েছে সংগঠনটি।
বিটিএমএ আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন একটি নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব হবে, যা বস্ত্রশিল্পের শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হবে।
বিটিএমএর সদস্য কারখানার সংখ্যা ১ হাজার ৮৮৮। স্পিনিং, প্রিন্টিং, ডায়িং ও ফিনিশিং—এই চার ধরনের কারখানায় প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করেন।