রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্নের অভিযোগ করেছেন গ্রাহকরা। বাড্ডা, মানিকনগর, রায়েরবাজার, মোহাম্মদপুর, গোড়ান, দক্ষিণ বনশ্রী এলাকার কয়েকজন বাসিন্দা লোডশেডিংয়ের কথা জানিয়েছেন। তবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) জাতীয় লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) হিসাবে, বিদ্যুতের চাহিদা ও সরবরাহে ঘাটতি নেই।
এনএলডিসির উপব্যবস্থাপক আবু বকর সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সেটাই সরবরাহ করা হচ্ছে। আমাদের হিসেবে কোথাও কোনো লোডশেডিং থাকার কথা না। তবে স্থানীয়ভাবে কিছু হলে সেটা এখান থেকে বলা সম্ভব না’।
তিনি বলেন, ‘এ সময় লোডশেডিং হওয়ার কথা নয়। তাপমাত্রা কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদাও অনেক কমেছে। এখন কোথাও কিছু হলে টেকনিক্যাল সমস্যাও হতে পারে’।
এদিকে ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দায়িত্বে থাকা ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক হাবিবুন নেসা এবং নির্বাহী পরিচালক রবিউল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তাদের ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। ডিপিডিসির কন্ট্রোল রুমেও যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।
পিজিসিবির হিসাবে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬৭৯ মেগাওয়াট। সরবরাহও ছিল সমপরিমাণ। সকাল ৯টায় চাহিদা ও সরবরাহ ছিল ১০ হাজার ৪৫৮ মেগাওয়াট, সকাল ১০টায় ১০ হাজার ৫৮১ মেগাওয়াট, ১১টায় ১১ হাজার ৭৮ মেগাওয়াট, দুপুর ১২টায় ১১ হাজার ৬৯১ মেগাওয়াট, দুপুর ১টায় ১১ হাজার ৮৪৪ মেগাওয়াট এবং দুপুর ২টায় ১১ হাজার ৬০৭ মেগাওয়াট। প্রতিটি সময়েই চাহিদা ও সরবরাহ সমান দেখানো হয়েছে। অথাৎ লোডশেডিং শূন্য দেখানো হয়েছে।
তবে গ্রাহকদের অভিযোগ, কাগজে-কলমে চাহিদা ও সরবরাহ সমান থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ থাকছে না। বাড্ডা, মানিকনগর ও রাজাবাজারসহ বেশ কয়েকটি এলাকার গ্রাহকরা বিদ্যুৎ বিভ্রাটের কথা জানিয়েছেন।
বাড্ডায় এক বাসিন্দা রবিন রেজা বলেন, ‘আজ (সোমবার) বিদ্যুৎ যায়নি। গতকাল এবং গত পরশু একবার করে বিদ্যুৎ ছিল না। তবে সেটা কতক্ষণ সেটা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। এদিকে মানিকনগরের বাসিন্দা মোয়াজ্জেম হোসেন জানান, আজ সকালে ঘুম থেকে উঠিই দেখি বিদ্যুৎ নাই। এমনিতে ঠান্ডা আবহাওয়ার কারণে ফ্যান কম চালানো হয়। কিন্তু মোবাইলে চাজ তো দিতে হবে। সকালে উঠেই এই বিড়ম্বনায় পড়তে হলো।
এদিকে রায়েরবাজারের থেকে নিপা আক্তার বলেন, আজ সকালেই বিদ্যুৎ ছিল না প্রায় ঘণ্টা খানেক। শীতে কালে তো সাধারণত লোডশেডিং হয় না।
প্রায় একইরকম অভিযোগ জানিয়েছেন দক্ষিণ বনশ্রী ও গোড়ানের দুই বাসিন্দা।
তারা বলেন, আজকে বিদ্যুৎ যায়নি। কিন্তু গত শুক্রবার প্রায় ঘণ্টাখানেক বিদ্যুৎ ছিল না।