২৫০ নারীকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করা হবে

প্রোমোটিং জেন্টার রেসপনসিভ এন্টারপ্রাইস ডেভেলপমেন্ট ইন টিভিইটি সিস্টেম (প্রোগ্রেজ) প্রকল্পের মাধ্যমে ১০ হাজার জনগোষ্ঠীকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে। আর ২৫০ নারীকে নট ইন এমপ্লয়মেন্ট, এডুকেশন অর ট্রেনিং (NEET) উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠার জন্য সহায়তা দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এ তথ্য জানান।

কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়ে অর্থমন্ত্রী তার বক্তব্যে জানান, পর্যাপ্ত জনবলের সংস্থান নিশ্চিত করার জন্য শিক্ষক নিয়োগ ও তাদের যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সরকারি প্রতিষ্ঠানগুলোয় ডিপ্লোমা কোর্সে আসন সংখ্যা ১২ হাজার ৫০০ থেকে ৪৮ হাজার ৯৫০তে উন্নীত করেছি। ষষ্ঠ শ্রেণি থেকে সব পর্যায়ে সাধারণ কারিকুলামের সঙ্গে অন্তত একটি করে ভোকেশনাল বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। চলমান এবং ইমার্জিং ট্রেড ও টেকনোলজিতে ৬ লাখ ৫১ হাজার যুবককে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। অ্যাসেট ‘Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET)’ প্রকল্পের আওতায় চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কিত ৪২টি অকুপেশনে ১৩৪টি সরকারি-বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।