বাংলাদেশে ২০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্রের এক কোম্পানি

বাংলাদেশের অবকাঠমো খাতে ২০০ কোটি ডলার (প্রায় ১৭ হাজার কোটি টাকা) অর্থায়ন করার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি। সরকার বা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে ঋণ ও ইকুইটি সহায়তা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে অর্থায়ন করতে চায় সভরেইন ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ (এসআইজি)।

বাংলাদেশে এই মার্কিন কোম্পানিকে সহায়তা দেবে বিডি ফাইন্যান্স। এ উপলক্ষে দুই কোম্পানির মধ্যে ওয়াশিংটনে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বৃহস্পতিবার।এসআইজি ও বিডি ফাইন্যান্সের মধ্যে চুক্তি সই

বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সমঝোতা স্মারক অনুযায়ী এসআইজি বাংলাদেশের অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য আগামী দুই বছরের মধ্যে ২০০ কোটি ডলারের তহবিল জোগাড় করবে বলে আশা করা হচ্ছে। গত ৬ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল উদ্বোধন করার দুই দিনের মধ্যে এই চুক্তি সই হয়।

অনুষ্ঠানে এসআইজি প্রধান নির্বাহী কর্মকর্তা ল্যারি নক্স বলেন, ২০৪০ নাগাদ বাংলাদেশ অবকাঠামো খাতে ৪১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। বিডি ফাইনান্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে এসআইজি আশা করে আমরা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।এসআইজি ও বিডি ফাইন্যান্সের মধ্যে চুক্তি সই

বিডি ফাইনান্সের চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন আমরা এভাবেই করছি। একটি আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে এটি সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগ উদ্যোগ।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম আশা করেন, এর মাধ্যমে বাংলাদেশি ক্লায়েন্টই শুধু না এসআইজি ও বিডি ফাইনান্সও উপকৃত হবে।