কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানে ঋণ বিতরণের ক্ষেত্রে একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে বেঁধে দেওয়া সীমা তুলে দিলো বাংলাদেশ ব্যাংক। আগামী ৫ বছরের জন্য এই সুবিধা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারার কথা উল্লেখ করে সংশ্লিষ্টদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্নে রাখার লক্ষ্যে উক্ত খাতে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য ব্যয়ের ক্ষেত্রে ব্যাংক ঋণের এই সুবিধা পাওয়া যাবে। জমি ক্রয়, মেশিনারি আমদানি ও ক্রয় বাবদ ব্যয়, মেশিনারি স্থাপন সংক্রান্ত ব্যয়, মেরামত, অভারলিং ব্যয় ইত্যাদি এবং বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ব্যবহৃত কয়লাসহ অন্যান্য কাঁচামাল ক্রয় বা আমদানির লক্ষ্যে ব্যয় এর আওতাভুক্ত হবে।
এ জন্য বিদ্যুৎ উৎপাদনকারী কোনও একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনও ব্যাংক কর্তৃক ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংক হইতে অনুমোদন প্রদানের ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৫ বছরের জন্য কার্যকর হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬খ(১) ধারার শর্তে উল্লিখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী ৫ বছরের জন্য ঊর্ধ্বসীমা কত হবে তাহা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে বলেও জানানো হয়েছে।