বছরজুড়ে অনলাইনে আয়কর রিটার্ন, সময়মতো জমায় বিশেষ সুবিধা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়েছেন, এখন থেকে সারা বছরই অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ কিছু সুবিধা পাবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর সদরদফতরে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠানের শুরুতে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের দুই সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (এটকো) সঙ্গে আলোচনা শুরু করে এনবিআর।

চেয়ারম্যান জানান, করদাতাদের জন্য রিটার্ন দাখিল প্রক্রিয়া সহজ ও প্রযুক্তিনির্ভর করতে অনলাইন ব্যবস্থার সম্প্রসারণ করা হচ্ছে। এর অংশ হিসেবে বছরজুড়ে রিটার্ন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে সময়মতো জমা দিলে করদাতারা কিছু বিশেষ সুবিধা পাবেন।

সাধারণত প্রতি বছর জুন শেষে নতুন করবর্ষ শুরুর পর নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়ার নিয়ম রয়েছে। তবে চলতি বছর এ সময় বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে বকেয়া করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ করা হতো। পাশাপাশি বিভিন্ন বিনিয়োগে কর রিবেট সুবিধাও বাতিল হওয়ার বিধান ছিল।

এনবিআর সূত্র জানায়, করদাতাদের অংশগ্রহণ বাড়ানো ও কর ব্যবস্থাকে আধুনিক করতে অনলাইন রিটার্ন ব্যবস্থা আরও বিস্তৃত করা হচ্ছে।