রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন জমার সময়সীমা

২০২৫–২০২৬ করবর্ষের ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন জমার সময়সীমা আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টায় শেষ হচ্ছে। 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা বা অতিরিক্ত করের ঝুঁকি এড়াতে দ্রুত ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রকাশিত এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু ব্যতিক্রম ছাড়া ২০২৫–২০২৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির সব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এখন পর্যন্ত ৫০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন, যার মধ্যে ৪২ লাখ ৫০ হাজারের বেশি ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন।

এ বছর রিটার্ন জমার সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া সম্ভব না হলে লিখিত আবেদন সাপেক্ষে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন সময় বাড়ানোর অনুমতি দিতে পারেন।

এনবিআর আরও জানিয়েছে, সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে অনলাইন সুবিধা চালু করা হয়েছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “টাইম এক্সটেনশন” মেন্যু ব্যবহার করে আবেদন করতে পারবেন।

যারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারবেন না, তারা যৌক্তিক কারণ উল্লেখ করে আজ রাত ১২টার মধ্যেই অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। এমনকি যারা এখনও নিবন্ধন করেননি, তারাও নিবন্ধন সম্পন্ন করে আবেদন করতে পারবেন।

এনবিআর সব ব্যক্তি করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে।