৫০০ বিলিয়ন ডলারের মাইলফলকে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশের অর্থনীতি প্রথমবারের মতো ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার দাঁড়িয়েছে ৫০১ বিলিয়ন ডলার। 

বুধবার (১০ জুন) প্রকাশিত বিবিএসের তথ্য অনুযায়ী, একবছর আগে দেশের অর্থনীতির আকার ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে অর্থনীতির আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।  

চলতি অর্থবছরে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১৪ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় বেশি। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে থাকবে বলে পূর্বাভাস দিলেও বিবিএসের প্রাথমিক হিসাব সেই পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।  

খাতভিত্তিক হিসাবে দেখা যায়, কৃষি ও সেবা খাতের ইতিবাচক প্রবৃদ্ধি সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চলতি অর্থবছরে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৮ শতাংশ এবং সেবা খাতে ৪ দশমিক ৫৯ শতাংশ।  

তবে শিল্প খাতে প্রবৃদ্ধির গতি কিছুটা শ্লথ হয়েছে। এই খাতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২ দশমিক ৮৬ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৩ দশমিক ৭১ শতাংশ। অর্থনীতিবিদদের মতে, রফতানি প্রবৃদ্ধির ধীরগতি এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে অভ্যন্তরীণ চাহিদা কমে যাওয়ায় শিল্প খাত প্রত্যাশিত গতি ধরে রাখতে পারেনি। 

সব মিলিয়ে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি এবং বাণিজ্যিক চাপের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির ৫০০ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।