তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, দেশের ব্যবসায়ীরা কর দিতে চান। কিন্তু কর দিতে গিয়ে নানা ধরনের প্রাতিষ্ঠানিক হয়রানির শিকার হতে হয় তাদের। এ কারণে কর দেওয়ার আগ্রহ থাকলেও অনেক ক্ষেত্রে ব্যবসায়ীরা নিরুৎসাহিত হন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের করভিত্তি বাড়াতে হলে শুধু রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেই হবে না, করদাতাদের হয়রানি বন্ধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
হোসেন জিল্লুর বলেন, দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক হয়রানি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পথে বড় দুটি বাধা। দুর্নীতি নিয়ে আলোচনা হলেও প্রাতিষ্ঠানিক হয়রানির বিষয়টি তুলনামূলকভাবে কম গুরুত্ব পাচ্ছে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে নেতিবাচক আলোচনা ও সংকটের বাস্তবতা রয়েছে। তবে শুধু সংকটের মধ্যেই আটকে থাকলে চলবে না। বাংলাদেশের নিজস্ব শক্তি, সক্ষমতা ও সম্ভাবনাগুলোও চিহ্নিত করতে হবে। সেগুলো কাজে লাগাতে পারলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো তুলে ধরে তিনি বলেন, দেশে শক্তিশালী উদ্যোগী মনোভাবের একটি ব্যবসায়িক সংস্কৃতি রয়েছে। কারখানা, কৃষি, শহর ও তরুণ জনগোষ্ঠীর মধ্যে পরিশ্রম করার সক্ষমতা রয়েছে। মানুষের মধ্যে নতুন কিছু করার এবং উদ্ভাবনের আগ্রহও আছে। এসব শক্তিকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।
মানুষের মানসিকতার পরিবর্তনের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর নিজের ভাগ্য পরিবর্তনের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দিতে চায় না। একসময় অনেকের মধ্যে ধারণা ছিল, নিজের ভাগ্যে যা আছে, সন্তানদের ভাগ্যেও তা-ই থাকবে। কিন্তু এখন সেই মানসিকতায় বড় পরিবর্তন এসেছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে, নিজের ভাগ্য নিজেকেই গড়তে হবে।
তিনি বলেন, রাষ্ট্রের কাছ থেকে মানুষ সহযোগিতা নেবে, কিন্তু নিজের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব অন্যের হাতে তুলে দিতে চায় না। মধ্যবিত্ত, তরুণ, নারী, কৃষক ও শ্রমিক—সব শ্রেণির মানুষের মধ্যে এই মানসিকতা তৈরি হয়েছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের জন্য মানুষের এই উদ্যোগী মনোভাবকে স্বীকৃতি দিতে হবে।
দেশের রাজনীতি, রাষ্ট্র ও বড় ব্যবসায়ী গোষ্ঠীর ভূমিকার সমালোচনা করে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, মানুষের মধ্যে যে উদ্যোগী শক্তি ও পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে, তা যথাযথভাবে সম্মান পাচ্ছে না। এই শক্তিকে স্বীকৃতি দেওয়া এবং বিকাশের সুযোগ তৈরি করা জরুরি।
কর আদায় ও রাজস্ব ব্যবস্থার দুর্বলতা প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং কর আদায় নিয়ে আলোচনা হয়। কিন্তু দেশের করভিত্তি এত ছোট কেন, রাজস্ব আহরণের পরিধি প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না কেন—সেসব প্রশ্নেরও গভীরে যেতে হবে।
তিনি বলেন, মানুষ তো কর দিতে চায়, ব্যবসায়ীরা কর দিতে চায়। কিন্তু বাস্তবতা হচ্ছে, হয়রানির একটা মৌলিক প্রাতিষ্ঠানিক সমস্যা গেড়ে বসে আছে।
ড. হোসেন জিল্লুর রহমানের মতে, করদাতাদের প্রতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আচরণ এবং কর দেওয়ার প্রক্রিয়া সহজ ও হয়রানিমুক্ত করা না গেলে রাজস্ব আহরণ বাড়ানো কঠিন হবে। কর দিতে আগ্রহী মানুষ ও ব্যবসায়ীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে দুর্নীতি ও হয়রানি—এই দুটি সমস্যার সমাধান এখন অত্যন্ত জরুরি। শুধু নীতিমালা প্রণয়ন করলেই হবে না, বাস্তবায়নের ক্ষেত্রেও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসায়ী সমাজ, নাগরিক সমাজ এবং তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও বিশ্বাসযোগ্য বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি। তাঁর মতে, এসব বিষয়ে জাতীয় নেতৃত্বেরও মনোযোগ দেওয়া প্রয়োজন। মানুষের উদ্যোগী মনোভাবকে কাজে লাগানো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে হয়রানিমুক্ত করতে পারলেই দেশের অর্থনীতিতে ইতিবাচক রূপান্তরের পথ তৈরি হবে।