ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, “পে স্কেলের বিষয়ে আজকের বৈঠকে কোনও আলোচনা হয়নি। তবে অন্যান্য বিষয়ে আলোচনায় সন্তোষজনক অগ্রগতি হয়েছে।”
তিনি জানান, নতুন ঋণ কর্মসূচির আওতায় আইএমএফ যেসব সংস্কারমূলক শর্ত দিয়েছে, সেগুলো সরকার একযোগে নয়, ধাপে ধাপে বাস্তবায়ন করবে। এসব সংস্কারের মধ্যে আর্থিক খাতের স্থিতিশীলতা, রাজস্ব ব্যবস্থার উন্নয়ন, কর আদায় বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনীতির বিভিন্ন বিষয়ে সরকারের চলমান উদ্যোগ রয়েছে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আর্থিক খাতে সংস্কার এবং কর ব্যবস্থার উন্নয়নসহ সার্বিক অর্থনৈতিক সংস্কার কার্যক্রমে সরকারের অগ্রগতিতে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে।”
সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় রেখে আইএমএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন ঋণ কর্মসূচি এগিয়ে নেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী।