ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে উন্নয়নই লক্ষ্য: আমির খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৬, ১৮:১২আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৮:১২

রাজস্ব ব্যবস্থায় ব্যাপক সংস্কারের মাধ্যমে সরকারের ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ জন্য রাজস্ব প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর এবং করদাতাবান্ধব করার পাশাপাশি করজাল সম্প্রসারণ ও অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশ আর ঋণের ওপর নির্ভরশীল দেশ হিসেবে থাকতে চায় না। নিজস্ব রাজস্ব আয় বাড়িয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অভ্যন্তরীণ সম্পদের ব্যবহার বাড়াতে হবে। এ লক্ষ্য অর্জনে রাজস্ব প্রশাসনের সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’’ তিনি বলেন, “বাংলাদেশ এখন আর ঋণের ওপর নির্ভরশীল দেশ থাকবে না। এটি এখন তার নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ।”

রাজস্ব আদায় বাড়ানোই বড় চ্যালেঞ্জ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারের মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’’

মন্ত্রী বলেন, ‘‘সরকারের এই বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একইসঙ্গে ২০২৯ সালের মধ্যে মধ্যম আয়ের দেশের সারিতে যাওয়ার চ্যালেঞ্জ এবং ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য পূরণে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়াতে হবে।’’

এ জন্য শুধু কর কর্মকর্তাদের ওপর নির্ভর না করে ব্যবসায়ীসহ সব করদাতাকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

ব্যবসায়ীদের উদ্দেশে আমির খসরু বলেন, “সরকারের এই রাজস্ব লক্ষ্য অর্জনে আপনারা সহযোগিতা করবেন। এটা শুধু কর কর্মকর্তাদের একার দায়িত্ব নয়। ব্যবসায়ীদেরও দায়িত্ব আছে। সময়মতো কর ও ভ্যাট পরিশোধ করতে হবে।”

করদাতাদের ওপরে হয়রানি বন্ধের নির্দেশ

করদাতাদের প্রশাসনিক জটিলতা এবং রাজস্ব কর্মকর্তাদের আচরণ নিয়ে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘‘এসব সমস্যা দ্রুত সমাধানে সরকার কাজ করছে। তবে কর ফাঁকি দেওয়ার প্রবণতা ঠেকাতে আইনের কঠোর প্রয়োগও নিশ্চিত করতে হবে।’’

তিনি বলেন, ‘‘যারা রাজস্ব পরিহারের সংস্কৃতিতে থাকতে চান, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে সৎ করদাতারা যাতে কোনোভাবেই নিরুৎসাহিত না হন এবং ব্যবসায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়, সেদিকেও নজর দিতে হবে।’’

মন্ত্রী বলেন, ‘‘একজন সৎ করদাতাকে হয়রানি করা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনই একজন অসৎ করদাতাকে অন্যায় সুবিধা দেওয়াও গ্রহণযোগ্য নয়।’’

করদাতার যেমন আইন মেনে কর দেওয়ার দায়িত্ব রয়েছে, তেমনই রাজস্ব কর্মকর্তাদেরও আইন মেনে নিরপেক্ষতা ও সম্মানের সঙ্গে করদাতাদের সেবা দেওয়ার দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এনবিআরকে দুই ভাগে সংস্কার

রাজস্ব প্রশাসনের কাঠামোগত সংস্কারের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমকে দুটি পৃথক কাঠামোয় নেওয়ার কথা তুলে ধরেন অর্থমন্ত্রী।

তিনি জানান, এনবিআরের বর্তমান কাঠামোকে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর একটি হবে রাজস্ব নীতি বিভাগ এবং অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।

রাজস্ব নীতি বিভাগ বিশেষজ্ঞ সংস্থা হিসেবে একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব করনীতি প্রণয়ন করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ রাজস্ব আহরণ, আইন প্রয়োগ এবং কর প্রশাসনের বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

আমির খসরু বলেন, ‘‘এটি শুধু প্রশাসনিক পুনর্বিন্যাস নয়; বরং রাজস্ব ব্যবস্থাপনার দর্শনেই একটি মৌলিক পরিবর্তন।’’

করনীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি অর্থনীতিবিদ, গবেষক, বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্প ও বাণিজ্য সংগঠন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

“যে নীতি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন, তা কখনো কার্যকর হতে পারে না”—বলেন অর্থমন্ত্রী।

কন্টাক্ট-ফ্রি রাজস্ব প্রশাসনের লক্ষ্য

রাজস্ব প্রশাসনে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দিয়ে আমির খসরু বলেন, ‘‘করদাতাকে অপ্রয়োজনে কর কর্মকর্তার কাছে যাওয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।’’

তার ভাষায়, সরকারের লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ ‘কন্টাক্ট-ফ্রি’ ও ‘ফেইসলেস’ রাজস্ব প্রশাসন গড়ে তোলা।

ই-ট্যাক্স ব্যবস্থাপনা, ই-ভ্যাট, জাতীয় একক জানালা, কাস্টমস বন্ড ব্যবস্থাপনা এবং প্রযুক্তিনির্ভর পণ্য স্ক্যানিংয়ের মতো উদ্যোগের ফলে করদাতারা ঘরে বা অফিসে বসেই বিভিন্ন সেবা নিতে পারছেন বলে উল্লেখ করেন তিনি।

ঝুঁকিভিত্তিক নিরীক্ষার মাধ্যমে করদাতা নির্বাচন কর্মকর্তাদের স্বেচ্ছাচারিতার সুযোগও কমিয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী। কর ফাঁকি রোধের পাশাপাশি নগদবিহীন লেনদেন এবং নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

বাড়বে করজাল, কমবে কর অব্যাহতি

রাজস্ব আয় বাড়াতে নতুন করদাতা চিহ্নিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন অর্থমন্ত্রী। মাঠপর্যায়ে আয়কর, ভ্যাট ও কাস্টমস কার্যক্রম আরও সম্প্রসারণের মাধ্যমে করজালের আওতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান তিনি।

তবে নিয়মিত করদাতারা যাতে হয়রানির শিকার না হন এবং সহজে ও সঠিকভাবে কর পরিশোধ করতে পারেন, সেই পরিবেশও নিশ্চিত করার কথা বলেন তিনি।

কর অব্যাহতি ধীরে ধীরে কমানোর পক্ষে মত দিয়ে আমির খসরু বলেন, ‘‘শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে কর অব্যাহতি প্রয়োজন ছিল। কিন্তু দেশের শিল্প খাত এখন অনেক বেশি পরিণত ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। তাই পর্যায়ক্রমে কর অব্যাহতি কমাতে হবে।’’

তার মতে, এতে সরকারের রাজস্ব আয় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের জন্যও সমান প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে।

বিনিয়োগের জন্য নীতির স্থিতিশীলতা

দেশে বিনিয়োগ বাড়াতে নীতির স্থিতিশীলতার ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। ব্যবসা ও বিনিয়োগের পথে সরকার বাধা হয়ে দাঁড়াতে চায় না উল্লেখ করে তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে ব্যবসা সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি সহজ হয়।

ব্যবসায়ী সম্প্রদায়কে দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ব্যবসায়ীদের জন্য আস্থার পরিবেশ তৈরির পাশাপাশি সরকারের রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণেও তাদের সহযোগিতা প্রয়োজন।’’

কর বিরোধ দ্রুত নিষ্পত্তির তাগিদ

কর, ভ্যাট ও কাস্টমস নিয়ে বিরোধ বছরের পর বছর আদালতে ঝুলিয়ে না রেখে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থাকে আরও কার্যকর করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘‘সরকারের লক্ষ্য মামলা বাড়ানো নয়; বরং সঠিক রাজস্ব দ্রুত, ন্যায়সঙ্গত ও স্বচ্ছতার সঙ্গে আদায় করা।’’

করদাতাদের অধিকার ও সেবা নিশ্চিত করতে একটি সুস্পষ্ট ‘করদাতা সেবা সনদ’ চালুর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। কোন সেবা কত দিনের মধ্যে পাওয়া যাবে, সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব কী, অভিযোগ কোথায় করা যাবে এবং কত সময়ের মধ্যে অভিযোগের নিষ্পত্তি হবে—এসব বিষয়ে করদাতাদের স্পষ্ট ধারণা থাকা উচিত বলে মনে করেন তিনি।

রাজস্ব প্রশাসনের সাফল্য শুধু কত টাকা আদায় হলো, তা দিয়ে মূল্যায়ন না করে করদাতার সন্তুষ্টি এবং সেবার মান দিয়েও মূল্যায়ন করার আহ্বান জানান তিনি।

ব্যবসায়ীদের আর্থিক যাত্রার অংশীদার হতে হবে

এনবিআরকে কেবল রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান হিসেবে না দেখে ব্যবসায়ীদের আর্থিক যাত্রার অংশীদার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ‘‘করদাতারা যেন কর দেওয়াকে বোঝা হিসেবে না দেখে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশগ্রহণ হিসেবে বিবেচনা করেন, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে।’’

“করদাতারা যেন কর দিয়ে গর্ববোধ করেন এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশীদার হিসেবে নিজেদের মনে করেন”—এমন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

রাজস্ব সংস্কারে উন্নয়ন সহযোগী, অর্থনীতিবিদ, গবেষক, বেসরকারি খাত ও সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকার কথাও তুলে ধরেন আমির খসরু। তাদের পরামর্শ ও সমালোচনা সংস্কার প্রক্রিয়াকে আরও কার্যকর করবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন।  প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনের উদ্বোধন করেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী 
জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী 
চট্টগ্রাম বন্দরে এক বছরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা
রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমারের দাবির প্রতিবাদ জানালো ঢাকা
তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের
তিন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা ‘হাতকাটা’ কাশেম কারাগারে
বাড়ছে ডেঙ্গুর ভয়, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
বাড়ছে ডেঙ্গুর ভয়, ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
সর্বাধিক পঠিত
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’