সরকারের বিনিয়োগ-সংক্রান্ত তিনটি সংস্থা একীভূত করে গঠন করা হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’। সংস্থাটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন-কে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে গঠন করা হয়েছে নতুন এই বিনিয়োগ উন্নয়ন সংস্থা। গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
এ বছরের ১০ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ১২তম বৈঠকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে এটির অনুমোদন দেওয়া হয়।
প্রস্তাবিত আইনের মাধ্যমে ‘ইনভেস্ট বাংলাদেশ’ দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত হবে।