গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী, সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।

বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল।

এ ছাড়া সভায় শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।