ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা 

গোলাম মওলা
১৩ নভেম্বর ২০২৬, ২০:০৫ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২০:০৯

দেশের ব্যবসা-বাণিজ্যে একধরনের স্থবিরতা বিরাজ করছে। চার কারণে চাপে রয়েছেন ব্যবসায়ীরা- বিনিয়োগে ধীরগতি, উচ্চ সুদহার, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক - অর্থনৈতিক অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব এবং প্রায় ১০০ ব্যক্তির হিসাব জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সরকারের এ পদক্ষেপে কি ব্যবসায়ী মহলে নতুন করে চাপ যুক্ত হচ্ছে?

ব্যবসায়ীদের অভিযোগ, রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা অতীতের ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে ঢালাওভাবে ব্যাংক হিসাব জব্দ করা হলে নিরপরাধ উদ্যোক্তারাও ক্ষতিগ্রস্ত হন। শ্রমিক অসন্তোষে কারও সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে তদন্ত করে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যবসা, ঋণপত্র (এলসি) খোলা, ব্যাংকঋণ ব্যবহার, শ্রমিকদের বেতন পরিশোধসহ বেশকিছু জটিলতা চিহ্নিত হতে শুরু করলে এরইমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবমুক্ত করতে শুরু করেছে এনবিআর। তবে এতে পুরোপুরি স্বস্তি ফিরছে না উদ্যোক্তাদের মধ্যে। কারণ, ব্যাংক হিসাব অবমুক্ত হলেও কয়েকটি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের লেনদেনের তথ্য চেয়ে তদন্ত অব্যাহত রেখেছে এনবিআর। ফলে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিক রাখা নিয়ে শঙ্কা এখনই কাটছে না।

উল্লেখ্য, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ৪ নভেম্বর দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠায় এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। এর মধ্যে প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়।

এনবিআরের কর্মকর্তাদের ভাষ্য, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি এমন অনেক ব্যবসায়ীর নামও রয়েছে, যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

এনবিআরের তালিকায় দেশের কয়েকটি শীর্ষস্থানীয় রফতানিকারক শিল্পগোষ্ঠীর নাম রয়েছে। এর মধ্যে মণ্ডল গ্রুপের ২৮টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। পাশাপাশি গ্রুপটির চেয়ারম্যান আবদুল মমিন মণ্ডল, ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলিম মণ্ডলসহ একাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে গ্রুপটি প্রায় ৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি করেছে। প্রতিষ্ঠানটিতে কাজ করেন প্রায় ৫০ হাজার শ্রমিক।

ওয়েল গ্রুপ, এনভয় গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, তুসুকা গ্রুপ, নিপা গ্রুপ এবং গিভেন্সি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লেনদেনও এনবিআরের নজরদারিতে এসেছে।

এই পরিস্থিতিতে নতুন কোনও জটিলতা এড়াতে ব্যাংক হিসাব জব্দের ঘটনায় সরকারের উচ্চপর্যায়ে উদ্বেগ জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানিয়েছেন, শ্রমিক অসন্তোষে ইন্ধন বা অর্থায়নের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়া কোনো কারখানা মালিক কিংবা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ না করার জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।

মাহমুদ হাসান খান বাবু আরও জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিএমইএ। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, যাচাই-বাছাই শেষে তাদের ব্যাংক হিসাব দ্রুত অবমুক্ত করার প্রত্যাশা করছেন তারা।

আলোচনার পরিপ্রেক্ষিতে শেলটেক গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব অবমুক্ত করেছে এনবিআর। মণ্ডল গ্রুপ ও এনভয় গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠানের হিসাবও খুলে দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির ব্যাংক হিসাব এখনো জব্দ রয়েছে।ব্যবসায়ীরা বলছেন, ব্যাংক হিসাব অবমুক্ত হওয়াই সব সমস্যার সমাধান নয়। কারণ, হিসাব জব্দের সময় অনেক প্রতিষ্ঠানের ঋণপত্র খোলা, ব্যাংকের অনুমোদিত ঋণসীমা ব্যবহার এবং অন্যান্য আর্থিক লেনদেনে জটিলতা তৈরি হয়েছে। বিদেশি ক্রেতাদের কাছেও এ ধরনের ঘটনা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নিয়ে নেতিবাচক বার্তা দিতে পারে।

/এপিএইচ/
সম্পর্কিত
গার্মেন্টস শ্রমিকরা প্রতি শুক্রবার কম দামে পাচ্ছেন ওএমএসের চাল
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
আজও বিক্ষোভ করেছেন শ্রমিকরা, শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
সর্বশেষ খবর
মজলিসের খাবার খেয়ে একসঙ্গে অসুস্থ দেড় শতাধিক, হাসপাতালে ১০৫ জন
মজলিসের খাবার খেয়ে একসঙ্গে অসুস্থ দেড় শতাধিক, হাসপাতালে ১০৫ জন
সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে কবি-সাহিত্যিক-শিল্পীদের: গোলাম পরওয়ার
সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিতে হবে কবি-সাহিত্যিক-শিল্পীদের: গোলাম পরওয়ার
এমপির বাড়িতে বিদ্যুৎ থেকে আগুনের কোনও আলামত পায়নি পল্লী বিদ্যুৎ 
এমপির বাড়িতে বিদ্যুৎ থেকে আগুনের কোনও আলামত পায়নি পল্লী বিদ্যুৎ 
রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীতে গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
এবার সরকারের মালিকানায় যাচ্ছে ইসলামী ব্যাংক!
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা
৩২ হাজার টাকার প্রস্তাব: কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা